আসন্ন নির্বাচনে ভোট গ্রহণ শেষে সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলে এর পেছনে অসৎ উদ্দেশ্য আছে বলে মনে করবেন- এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর পল্টনে ব্যবসায়ীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, নির্বাচন কমিশন বলছে তিনদিন লাগবে ফল দিতে, কাকে জেতাতে তারা এমনটা বলছে। এর পেছনে কারা কাজ করছে সেটা সরকারকে বের করার অনুরোধ। যদি ১২ ঘণ্টার বেশি দেরি করে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে অসৎ উদ্দেশ্য আছে, সেটা আমরা মেনে নেব না। কোনো ধরনের অসততার কারণে অর্জিত এই ভোটাধিকার নষ্ট হতে দেব না।
নির্বাচনের ফলাফল ঘোষণার আগে অবধি পোলিং এজেন্টরা স্থান ত্যাগ করবে না বলেও জানান তিনি।
বিএনপির বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র বন্ধ হয়নি মন্তব্য করে মির্জা আব্বাস আরও বলেন, ঢাকা-৮ নিয়ে ষড়যন্ত্র চলছে, যা সফল হতে দেয়া হবে না। আমি সহ্য করছি। কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙবেন না। আমরা পরিচ্ছন্ন নির্বাচন চাই।
মির্জা আব্বাস বলেন, কিছু ছেলেপেলে আছে হঠাৎ আঙুল ফুলে কলাগাছ, লম্বা লম্বা কথা বলে। ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা তার খবর নেই আমার নাম নিয়ে শুরু করে। পৃথিবীতে আর কোনো কাজ নাই মির্জা আব্বাসকে বকা দেয়া ছাড়া। এলাকার মানুষ আমাকে চেনে, ব্যবসায়ীরা আমাকে চেনে, ঢাকা-৮ ব্যবসায়ী জোন, ওই বিশেষ ব্যক্তি ছাড়া অন্য কেউ বলতে পারবে না মির্জা আব্বাসকে কেউ এক কাপ চা খাওয়াতে পেরেছে। শেখ হাসিনার হাত থেকে যেমন দেশকে রক্ষা করা হয়েছে সেরকম এসব অর্বাচীন বালকদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।







