- আর্সেনালের বিপক্ষে ম্যাচ মানেই আরলিং হালান্ড ও গ্যাব্রিয়েল মাগালাইসের লড়াই। দুই দলের আগের ম্যাচগুলোতে মাঠে একাধিকবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির জন্ম দিয়েছেন এই দুই ফুটবলার। এবারও তাদের দ্বৈরথ দেখার অপেক্ষায় ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকার।
- তবে প্রতিপক্ষের মাঠে জিততে হলে নিজেদের পারফরম্যান্সে বড় উন্নতি করতে হবে বলে মনে করেন তিনি। আগামী রোববার প্রিমিয়ার লিগে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। ম্যাচটির আগে হালান্ড বলেছেন, বড় দলের বিপক্ষে খেলতে তিনি সব সময়ই উপভোগ করেন। বিশেষ করে গ্যাব্রিয়েলের বিপক্ষে লড়াইটা তার কাছে বেশ উপভোগ্য।
- সিটির ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে হালান্ড বলেন, ‘সেরা দলগুলোর বিপক্ষে খেলাটা সব সময়ই ভালো। গত এক বছরে আর্সেনাল সেরা দল, গত পাঁচ বছরের অন্যতম সেরা দলও তারা। আর হ্যাঁ, গ্যাব্রিয়েলের বিপক্ষে খেলাটা সব সময়ই মজার।’
- তবে শুধু ব্যক্তিগত দ্বৈরথ নয়, ম্যাচের গুরুত্বও ভালোভাবে বুঝতে পারছেন হালান্ড। তার মতে, আর্সেনালের মাঠে পয়েন্ট পেতে হলে সিটির প্রত্যেক খেলোয়াড়কে নিজেদের সেরাটা দিতে হবে। তিনি বলেন, ‘আমাদের আরও ভালো খেলতে হবে। রোববার নিজেদের সেরাটা দিতে হবে। চ্যাম্পিয়নদের মাঠে গিয়ে খেলাটা মৌসুমের সবচেয়ে কঠিন ম্যাচ। তাই কিছু পেতে হলে সবাইকে সেরা পারফরম্যান্স করতে হবে।’
- বর্তমানে কঠিন সময় পার করছে ম্যানচেস্টার সিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ সাত ম্যাচে মাত্র একটিতে জিতেছে তারা। প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে জয়হীন দলটি। চ্যাম্পিয়নস লিগে নাপোলির বিপক্ষে সর্বশেষ ম্যাচেও দুইবার পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে পেপ গার্দিওলার দল।
- অন্যদিকে টানা তিন ম্যাচে গোলের দেখা পাননি হালান্ড। এমন পরিস্থিতিতে আর্সেনালের বিপক্ষে ম্যাচটি সিটির জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই ম্যাচে হারলে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়াবে ৯।







