সাত দিনের জন্য ব্রিটিশ পার্লামেন্টে সংসদীয় সফরের উদ্দেশ্যে যুক্তরাজ্যে গিয়েছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি মারদিয়া মমতাজ। চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ সংসদীয় একটি দলের এই সফর শেষে সবাই দেশে ফিরেছেন মঙ্গলবার (২৪ নভেম্বর)। ফেরার সময় বেশ কিছু উপহার পেয়েছেন মারদিয়া মমতাজ। এর মধ্যে রয়েছে তার প্রোফাইল ছবির ‘জমজ বোন।’
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ২টা ২৬ মিনিটে ফেসবুক পোস্টে এই উপহারের কথা লিখেছেন তিনি। এতে তার প্রোফাইল ছবির প্রতি মুগ্ধতার প্রমাণ রয়েছে।
মূলত মারদিয়া মমতাজের প্রোফাইল ছবিতে রয়েছে আরবি হরফ ‘মিম’-এর একটি ক্যালিগ্রাফি, যে হরফ দিয়ে তার নাম শুরু হয়। ২০২০ সালে এই ক্যালিগ্রাফিটি শিল্পী হাসান শাহিনের কাছে উপহার পেয়েছিলেন তিনি। এবারও একই শিল্পী তাকে ভিন্ন আরেকটি ক্যালিগ্রাফি উপহার দিয়েছেন।
নতুন উপহারের ছবি অনুসারীদের সঙ্গে শেয়ার করেছেন মারদিয়া মমতাজ। ক্যাপশনে তিনি সফর থেকে ফেরার অনুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘অঞ্জন (শিল্পী অঞ্জন দত্ত) লিখেছিলেন, চলে যেতে গেলে পিছুটান ভুলে যেতে হয়। যতবার ভাবি এটা, ততবার রাগ হয়৷ মানুষ মেশিন নাকি? শিফট-ডিলিট দিলাম, ব্যাস। সব মুছে গেলো?’
উপহারের বর্ণনা দিতে গিয়ে তিনি লিখেছেন, ‘যাত্রা মাত্র সাতদিনের, এতো ছুটলাম যে কোথাও গিয়ে কিছু কেনাকাটার সময় হয়নি। ফিরতি ব্যাগে সবার দেওয়া জিনিসগুলো গুছায়েই দেখি, ঠাঁই নাই দশা। একটা ডাইরি শুধু হাতব্যাগে নিয়েছি। খুলে দেখি, আমার নামটা। প্রোফাইল ছবিতে লাল মিমটার জমজ বোন একটা আঁকা। যারা জানেন, তারা জানেন। এই মিমটা একান্ত আমার। কতজনকে যে অকারণ জ্বালিয়েছি, যেন এইটা কপি করে নিয়ে না যায়।’
‘একটা অক্ষর, একটা অচেনা দেশ আর ফ্লাইটকে আপন করে দেয়। কী অদ্ভুত!’ উল্লেখ করে তিনি ইতি টেনে লিখেছেন, ‘প্লেন হাঁটতে শুরু করলো। যাই।’
এর আগে ২০২০ সালের ১৫ এপ্রিল প্রথমবার ‘মিম’ আদ্যাক্ষরের ছবিটি প্রোফাইল ছবি দিয়েছিলেন মারদিয়া। তার আগে এক সময় তার প্রোফাইল ছবিতে ছিল পুরো নাম। ওই সময় ছবি বদলে তিনি লিখেছিলেন, ‘পুরো নাম নির্জনবাসে গেছে। আদ্যাক্ষর বানিয়ে দিয়েছেন হাসান শাহিন (ক্যালিগ্রাফি শিল্পী) ভাই। স্নেহের এই দানের তো প্রতিদান জানিনা, আল্লাহ তাঁকে আর পরিবারের সবাইকে সহ সুস্থ রাখুন।’







