জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক কর্মসূচিতে দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক হান্নান মাসউদের অনুসারীদের বিরুদ্ধে অপমান ও হেনস্তা এবং দলের নির্লিপ্ততার অভিযোগ তুলে পদত্যাগ করেছিলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক সুলতান মুহাম্মদ জাকারিয়া। কিন্তু পদত্যাগের ঘোষণার দুই ঘণ্টা যেতে না যেতেই সিদ্ধান্ত পরিবর্তন করে তা প্রত্যাহারের কথা জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর আলোচনা শুরু হয়। এরপর তিনি আগের পোস্টটি ডিলিট করে দুপুর দেড়টার দিকে পদত্যাগের সিদ্ধান্ত স্থগিতের বিষয়ে জানিয়ে আরেকটি পোস্ট দেন।
পরে দেওয়া ফেসবুক পোস্টটিতে সুলতান মুহাম্মদ জাকারিয়া লেখেন, “আমার দলের সহকর্মীদের অনুরোধ ও আশ্বাসে আমার পদত্যাগের সিদ্ধান্তটি স্থগিত করেছি।”
পদত্যাগের ঘোষণা করে দেওয়া ফেসবুক পোস্টে সুলতান মুহাম্মদ জাকারিয়া যা লিখেছিলেন:
“অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি জাতীয় নাগরিক পার্টি – এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক পদসহ সকল প্রকার দায়িত্ব ও সংশ্লিষ্টতা থেকে পদত্যাগ করছি।
আমি সরাসরি রাজনীতির মানুষ না, কিন্তু জুলাই-পূর্ব বাংলাদেশের চরম দুঃসময়ে বাংলাদেশের পক্ষে কাজ করেছি। জুলাইয়ের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় গণতান্ত্রিক রাজনীতিতে তরুণদের রাজনীতি সংগঠিত করতে সহায়তা করবো - এই লক্ষ্যে এনসিপিতে যোগ দিয়েছিলাম। প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক, আন্তর্জাতিক সম্পাদক, নির্বাহী পরিষদ সদস্য, বিভিন্ন সেল ও উইংয়ের সদস্য এবং নোয়াখালী-২ আসনে দলের প্রার্থী হিসেবে সাধ্যমতো কাজ করার চেষ্টা করেছি।
এনসিপির ঐতিহাসিক রাজনৈতিক ম্যানিফেস্টো ২৪ দফাসহ দলের বিভিন্ন গাঠনিক দলিল তৈরিতে সাধ্যমতো সহায়তার চেষ্টা করেছি। দলের ভেতর অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা, সিদ্ধান্তগ্রহণে অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহির চর্চার জন্য শুরু থেকে দলীয় ফোরামে এবং দলীয় নেতৃত্বকে পরামর্শ দেওয়ার আন্তরিক চেষ্টা করেছি।
দলের প্রাতিষ্ঠানিকীকরণ প্রচেষ্টা যৎসামান্য যতটুকু ভূমিকা রাখতে চেষ্টা করেছি তা খুব বেশি সফল হয়নি বলে হতাশা ভর করলেও তরুণ নেতৃত্ব সময়ের সাথে তাল মিলিয়ে শিখবে, এই বিশ্বাসে ধৈর্য ধরেছি।
কিন্তু ব্যক্তিজীবনে আমি সম্মান, মর্যাদা ও মাথা উঁচু করে চলেছি। তাই আত্মমর্যাদা ও জবাবদিহিতার প্রশ্নে আপোষ করে জীবনে বিশেষ কিছু অর্জন চাই না।
উল্লেখ্য, এ বছরের জুলাই মাসে নোয়াখালীতে এনসিপির দলীয় কর্মসূচি চলাকালে দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন নিজে এবং যুগ্ম আহ্বায়ক হান্নান মাসুদের অনুসারীরা আমাকে বিনা উস্কানীতে আশ্রাব্য ভাষায় গালাগালিসহ, অপমান ও অপদস্থ করেন।
নোয়াখালীর রাজনীতিতে তাদের প্রথাগত গ্রুপিং, মাস্তানি, টেন্ডারবাজি, দুর্বৃত্তপনা রাজনীতির পথে আমার উপস্থিতি তাদের জন্য অস্বস্তিকর ছিলো এবং দীর্ঘদিন তারা নানা উপায়ে আমাকে হেনস্তা করে আসছিলো। দলের শীর্ষ নেতৃত্বকে আমি বারবার তা অবহিতও করি।
অবশেষে, রাজনৈতিক প্রতিযোগিতাকে তারা ব্যক্তিগত আক্রমণ, গালাগালি, হুমকিতে পর্যন্ত পর্যবসিত করে। এ বিষয়ে আমি নিয়ম মেনে দলের শৃঙ্খলা কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছি এবং আহ্বায়কসহ দায়িত্বশীলদের একাধিকবার জানিয়েছি। প্রায় পাঁচ মাস অপেক্ষা এবং বারংবার তাগাদা দেওয়া সত্ত্বেও কোনো প্রতিকার মেলেনি।
বরং অভিযোগের নিষ্পত্তির আগেই অভিযুক্তদের কয়েকজনকে দলে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। দলের নির্লিপ্ততায় আমার সামনে বিকল্প ছিলো হান্নান মাসুদ ও নিজামদের সাথে পাল্লা দিয়ে প্রচলিত অসৎ ও নোংরা রাজনীতি করা, অথবা সসম্মানে বিদায় নেওয়া। আমি নির্ধিদ্বায় দ্বিতীয়টি বেছে নিয়েছি।
জাতীয় রাজনীতিতে এনসিপি আমার প্রথম দল, প্রথম প্রেমের মতো। সেই ইতিহাস আমি কখনো অস্বীকার করব না। নাহিদ ইসলাম, আখতার হোসেন ও হাসনাত আবদুল্লাহকে আমি অত্যন্ত প্রতিভাবান ও সম্ভাবনাময় রাজনীতিক মনে করি; তাদের প্রতি আমার শ্রদ্ধা ও শুভকামনা রইল। এনসিপিতে আমি অসংখ্য সহকর্মীর চোখে বাংলাদেশের প্রতি অকৃত্রিম অঙ্গীকার ও আত্মত্যাগের প্রস্তুতি দেখেছি। তাদের প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা থাকবে।
আশার দিক হচ্ছে এনসিপিতে হান্নান মাসুদ ও নিজাম উদ্দিনদের মতো দুর্বৃত্ত রাজনৈতিক চরিত্র এখনও সংখ্যায় কম। হয়তো দল বড় হওয়ার সাথে সাথে এই জাতীয় চরিত্রগুলোই সংখ্যায় বেশি হবে। আশা করি দলটি নিজেদের পরিশুদ্ধ রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে এবং জবাবদিহিতার প্রশ্নে জিরো টলারেন্স দেখাবে।
আমার পরবর্তী কোন রাজনৈতিক গন্তব্য এখনও নেই। বাংলাদেশের স্বার্থে আমি অতীতে দলীয় পরিচয় ছাড়া নিঃস্বার্থে কাজ করেছি, ভবিষ্যতেও করবো। রাজনৈতিক দল একটি মাধ্যম মাত্র; চূড়ান্ত লক্ষ্য বাংলাদেশ ও তার মানুষের স্বার্থ।
ভূরাজনৈতিকভাবে প্রতিকূল এক অঞ্চলে বাংলাদেশকে একটি উদার গণতান্ত্রিক, মানবিক মর্যাদাসম্পন্ন, অর্থনৈতিক ও সামাজিকভাবে সমৃদ্ধ এবং আত্মরক্ষায় সক্ষম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে যে দল, ব্যক্তি বা প্রতিষ্ঠানই আন্তরিকতা নিয়ে কাজ করবে, আমি সর্বান্তঃকরণে তাদের পাশে থাকব। আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”







