- সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে যুবলীগের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক এস এম মুকুল। নিজের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেয়ার অভিযোগ তুলে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
- আজ শুক্রবার বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে দেয়া এক স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেন এস এম মুকুল।
- স্ট্যাটাসে তিনি নিজেকে টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হিসেবে পরিচয় দিয়ে নিজের দল আওয়ামী লীগের বিরুদ্ধে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেয়ার অভিযোগ করেন।
- ফেসবুক পোস্টে এস এম মুকুল লেখেন, আমি এস এম মুকুল টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক। আমার নিজ দল লীগ কর্তৃক আমার নিজেরই ঘরবাড়ি এবং ব্যাবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেয়ার কারনে আমি বাংলাদেশ আওয়ামী লীগ এর বর্তমান পদ থেকে পদত্যাগ করলাম। আমি জানি, যে শেখ হাসিনা আমাদের রেখে পালিয়ে গেছে, সে আর কখনোই ফিরবেনা।
- তার এই পদত্যাগের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পোস্টটিতে নেটিজেনদের মধ্যে পক্ষে-বিপক্ষে বিভিন্ন ধরনের মন্তব্য দেখা যায়। একই সঙ্গে টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়কের পদ থেকে তার পদত্যাগের বিষয়টি স্থানীয় পর্যায়েও আলোচনার জন্ম দিয়েছে।
- তবে এস এম মুকুলের পদত্যাগের ঘোষণা এবং তার উত্থাপিত অভিযোগের বিষয়ে গোপালগঞ্জ জেলা যুবলীগের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।







