জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত হামলা, সহিংসতা ও নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের ভূমিকা পুনঃতদন্ত, আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে জনমত তৈরির অভিযোগে কয়েকজন শিক্ষকের কর্মকাণ্ড তদন্ত এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
রবিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর দেওয়া এক স্মারকলিপিতে এসব দাবি জানানো হয়। এতে শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম স্বাক্ষর করেন। স্মারকলিপিটি গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম। এ সময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ে সংঘটিত হামলা, নির্যাতন ও সহিংসতার ঘটনায় অভিযুক্ত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের তদন্ত ও দৃশ্যমান পদক্ষেপ এখনো স্পষ্ট নয়। এসব ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
এ ছাড়া কয়েকজন শিক্ষকের বক্তব্য ও কর্মকাণ্ডে আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড আড়াল এবং দলটির রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে জনমত তৈরির প্রবণতা রয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রশিবির। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের বক্তব্য ও কর্মকাণ্ড তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে বেগম সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষের পদ থেকে অপসারণের দাবিও জানানো হয়।
স্মারকলিপিতে আরও বলা হয়, আওয়ামী লীগের অবরোধ কর্মসূচি চলাকালে কয়েকজন শিক্ষকের ক্লাস ও একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার অভিযোগ রয়েছে। রাজনৈতিক কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত করার অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এদিকে গত ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) অবরুদ্ধ করে তালা দেওয়ার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিল বলে অভিযোগ করেছে ছাত্রশিবির। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
চার দফা দাবির মধ্যে রয়েছে -
১. জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে জাবিতে সংঘটিত হামলা, নির্যাতন ও সহিংসতার ঘটনায় জড়িতদের তদন্ত করে প্রমাণসাপেক্ষে ব্যবস্থা নেওয়া।
২. আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে ভূমিকা রাখার অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষকদের বক্তব্য ও কর্মকাণ্ড তদন্ত এবং অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ পদ থেকে অপসারণ।
৩. আওয়ামী লীগের অবরোধ কর্মসূচিতে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া।
৪. ১০ নভেম্বর ডেইরি গেটে তালা দেওয়ার ঘটনায় জড়িতদের সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া।
স্মারকলিপি প্রদান শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ও ১০ম জাকসুর জিএস মো. মাজহারুল ইসলাম। তিনি বলেন, “ডিসেম্বরকে সামনে রেখে পতিত আওয়ামী লীগ নানা ধরনের আস্ফালন দেখাচ্ছে। সারাদেশে হত্যা, অগ্নিসংযোগসহ বিভিন্ন অস্থিতিশীলতার ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় প্রশাসনও কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। ক্যাম্পাসের প্রধান ফটকে তালা দেওয়া, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা ও নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার লাগানোর ঘটনা ঘটেছে। শিক্ষার্থী ও সাংবাদিকতার পরিচয়ের আড়ালে ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগও পাওয়া যাচ্ছে।”
তিনি আরও বলেন, “কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হলেও প্রশাসনের কার্যকর ভূমিকা দৃশ্যমান নয়। জুলাইয়ের হামলার বিচার নিয়েও প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। পুনঃতদন্তের দাবি উপেক্ষা করা হচ্ছে। ক্যাম্পাসে অরাজকতা বন্ধ, ন্যায়বিচার নিশ্চিত এবং প্রশাসনের জবাবদিহিতা প্রতিষ্ঠায় দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।”
জাবি শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফেরদৌস আল হাসান বলেন, “স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ, ন্যায়বিচার ও প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে চার দফা দাবি জানানো হয়েছে। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে হামলা, নির্যাতন ও সহিংসতার সঙ্গে জড়িতদের ভূমিকা তদন্ত করে প্রমাণসাপেক্ষে ব্যবস্থা নিতে হবে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে ভূমিকা রাখার অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষকদের কর্মকাণ্ড তদন্ত করতে হবে। আওয়ামী লীগের অবরোধে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষকদের ভূমিকা তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। এছাড়া ১০ নভেম্বর প্রধান ফটকে তালা দেওয়ার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ফুটেজের মাধ্যমে শনাক্ত করে দ্রুত আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।”







