জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিন অধ্যাপক পতিত আওয়ামী লীগের অতীতের অপরাধ আড়াল করে দলটির পক্ষে বয়ান তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাবি শাখা।
সংগঠনটি বলছে, এ শিক্ষকদের বক্তব্যে আওয়ামী লীগের অতীত অপরাধকে আড়াল এবং তাদের (আওয়ামী লীগ) পক্ষে মত উৎপাদনের দুরভিসন্ধি দেখা যাচ্ছে।
শনিবার (২১ নভেম্বর) সংগঠনটির সদস্য (দপ্তর সম্পাদক) আব্দুল্লাহ অন্তর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিযোগ তোলা হয়। এতে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক জেবউননেছা এবং দর্শন বিভাগের অধ্যাপক নাসরিন সুলতানার বক্তব্যের প্রসঙ্গ টেনে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “ভোটাধিকার হরণ, গুম, খুন, দুর্নীতি ও রাষ্ট্রীয় দমন-পীড়নের দীর্ঘ দুঃশাসনের পর ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়াসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজনের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছে।”
এতে বলা হয়, “অথচ, সেই নৃশংসতার দায় স্বীকার ও বিচার নিশ্চিতের প্রশ্নে অবস্থান স্পষ্ট না করে পতিত আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে কতিপয় শিক্ষকের বয়ান সৃষ্টির প্রবণতা আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা, এ ধরনের প্রবণতার তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে।”
এতে আরও বলা হয়, “বিশেষ করে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক জেবউননেছা ও দর্শন বিভাগের অধ্যাপক নাসরিন সুলতানাসহ কয়েকজন শিক্ষকের বক্তব্যে আওয়ামী লীগের অতীত অপরাধকে আড়াল এবং তাদের পক্ষে মত উৎপাদনের দুরভিসন্ধি দেখা যাচ্ছে। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম আইনত নিষিদ্ধ। এরমধ্যেই দলটির নেতাকর্মীরা মানুষের জান-মালসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, হামলা ও নাশকতা করে চলেছে।”
অভিযোগ করে বিবৃতিতে বলা হয়, “যে রাজনৈতিক শক্তি জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত, সেই কথিত দলের রাজনৈতিক অধিকার নিয়ে কথা বলার সময় ভুক্তভোগীদের ন্যায়বিচার, অতীতের অপরাধের দায় এবং বর্তমান সহিংসতার বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান চতুরতার সঙ্গে এড়িয়ে যাচ্ছেন এই শিক্ষকেরা।”
এ বিষয়ে সংগঠনটি বলছে, “মতপ্রকাশের স্বাধীনতা সাংবিধানিক অধিকার। কিন্তু সেই স্বাধীনতা ঐতিহাসিক সত্য বিকৃতি কিংবা অপরাধের দায় আড়াল করার যুক্তি হতে পারে না। তথ্যপ্রমাণের ভিত্তিতে সত্য তুলে ধরা আর সুবিধামতো ইতিহাসের আংশিক ও বিকৃত প্রচার করা এক নয়।”
সবশেষে বিবৃতিতে বলা হয়, “ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা জুলাইয়ের শহীদদের আত্মত্যাগকে আড়াল করে অপরাধের দায়মুক্তির কোনো বয়ান গ্রহণ করবে না। এই বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদের পুনর্বাসনকেন্দ্র নয়। ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকদের মনে রাখা উচিত যে, জাতীয়তাবাদী ছাত্রদল জুলাইয়ের শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না। গণহত্যা, গুম, খুন ও নির্যাতনের দায়ে অভিযুক্ত পতিত শাসনব্যবস্থার পক্ষে বয়ান তৈরির অপচেষ্টা শিক্ষার্থীরা রুখে দেবে।”







