সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে আয়োজিত সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে তিনি এ স্মৃতিচারণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, আপনারা জানেন, আমার মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া এই ক্যান্টমেন্টেই তার জীবনের অনেকগুলো বছর কাটিয়েছিলেন।
সরকার প্রধান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার দীর্ঘ ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনো প্রধানমন্ত্রী হিসেবে কখনো জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী হিসেবে জীবনে অনেকবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে সগৌরবে অংশ নিয়েছিলেন।
তিনি বলেন, ২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশগ্রহণই ছিল তাঁর মায়ের জীবনের সর্বশেষ অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে এসে বারবার সেই কথাই মনে পড়ছিল।
একজন সন্তান হিসেবে উপস্থিত সবার কাছে মায়ের জন্য দোয়া চেয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি আল্লাহর দরবারে মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনা করছেন।
তিনি আরও বলেন, একজন সন্তান হিসেবে আমি আপনাদের কাছে আমার মায়ের জন্য দোয়া চাই।







