- প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ক্ষমতা গ্রহণের পর একাধিকবার সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর তারেক রহমানের প্রশংসা করেছেন।
- চলতি বছরের আগস্টে চ্যানেল আইয়ের একটি শোতে তিনি বর্তমান প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বলেছেন, “তারেক রহমান চেঞ্জ হয়েছেন। কারণ ৫ আগস্টের আগে আমি উনাকে যেটা দেখেছি, ৫ আগস্টের পরে উনি আর সেটা না। উনি একটা ভিন্ন মানুষ। ভিন্নভাবে মানুষকে উপলব্ধি করছেন। ভিন্নভাবে মানুষের কাছে যেতে চাচ্ছেন। একটা রাষ্ট্রনায়ক সুলভ উনার আচরণগত পার্থক্য হয়েছে।”
- তবে মাত্র কয়েক বছর আগে তারেক রহমান, তাঁর প্রয়াত মা এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারস বেগম খালেদা জিয়া, সাবেক প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিষয়ে আনিস আলমগীরের বক্তব্য ছিল সম্পূর্ণ বিপরীতধর্মী।
- তারেক রহমান ‘আদালত কর্তৃক স্বীকৃত খুনি’ ও ‘২১ আগস্টের মাস্টারমাইন্ড”
- ২০২০ সালে নিজের ওয়েবসাইটে প্রকাশিত একটি লেখায় ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রসঙ্গ টেনে তারেক রহমানকে ওই হামলার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। লন্ডনকে বর্ণনা করেছিলেন ‘বিশ্বের অনেক কুখ্যাত খুনির নিরাপদ স্বর্গ’ হিসেবে।
- দুই বছর পর আরেকটি কলামে আদালতের রায়ের প্রসঙ্গ টেনে তারেক রহমানকে সরাসরি ‘আদালত কর্তৃক স্বীকৃত খুনি’ হিসেবে অভিহিত করেন আনিস আলমগীর।
- আনিস আলমগীরের নিজের অফিসিয়াল ওয়েবসাইটে (https://anisalamgir.com/) প্রকাশিত “21 August : London become safe haven for notorious criminals.” শিরোনামে একটি লেখায় তিনি ২১ আগস্টের গ্রেনেড হামলার প্রসঙ্গ টেনে তারেক রহমানকে ওই হামলার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করেছিলেন।
- সম্প্রতি লেখাটি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলেও ইন্টারনেট আর্কাইভের ওয়েব্যাক মেশিনে সংরক্ষিত সংস্করণ থেকে লেখাটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
- নিবন্ধে আনিস আলমগীর ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলাকে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি ও রাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থার একটি ‘সুপরিকল্পিত’ প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেন।
- তিনি লেখেন: “It was a failed attempt, a cool minded plan made by the ruling BNP and various intelligence agencies of the state, to wipe out all the frontline leaders of the biggest political party, including the then Leader of the Opposition in Parliament Sheikh Hasina”
- অর্থাৎ, তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলার জন্য বিএনপি এবং সংস্থাগুলোকে দায়ি করেন।
- এছাড়াও, আনিস আলমগীর লিখেন,”Instead of punishing the culprits, the then ruling party, including Prime Minister Khaleda Zia, has joked about the incident….BNP government in that time had made arrangements for the killers to flee the country.”
- তারেক রহমানকে এই হত্যাকান্ডের মাস্টারমাইন্ড আখ্যা দিয়ে তিনি লিখেন,”Unfortunately, Britain has now sheltered Tarique Zia who is one of the masterminds of the incident, and now a convicted fugitive. “
- অর্থাৎ, তার ভাষায় তারেক রহমান ছিলেন ওই ঘটনার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ এবং ‘দণ্ডপ্রাপ্ত পলাতক’। লেখাটির শেষ দিকে আনিস আলমগীর আরও বলেন: “London has become a safe paradise for many of the world's most notorious murderers.”
- যার অর্থ, লন্ডন তখন ‘বিশ্বের অনেক কুখ্যাত খুনির নিরাপদ স্বর্গে’ পরিণত হয়েছিল।
- ২০০৪ সালের ওই হামলায় আওয়ামী লীগের ২৪ জন নেতা-কর্মী নিহত হন এবং কয়েক শ মানুষ আহত হন। চলতি বছরের ১৫ জানুয়ারি আনিস আলমগীর গ্রেপ্তার হন এবং ১৪ মার্চ জামিনে মুক্তি পান। এরপর তার ওয়েবসাইট নতুনভাবে সাজানো হয়। বর্তমানে সেখানে ২০২০ সালের ওই লেখাটি পাওয়া যায় না।
- ‘আদালতের রায় অনুযায়ী তাকে খুনি বলছি’
- ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৫ তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট এই মামলায় বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন। ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর আপিল বিভাগ এই রায় বহাল রাখলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি খালাস পান।
- তারেক রহমানকে দণ্ড দেয়ার রায়ের প্রায় চার বছর পর, ২০২২ সালের ২৫ আগস্ট জাগো নিউজে “তারেক জিয়া, সিনহা ও কথিত আয়নাঘর” শিরোনামে একটি কলাম লেখেন আনিস আলমগীর।
- সেখানে তিনি তারেক রহমানকে “আদালত কর্তৃক স্বীকৃত খুনি” হিসেবে উল্লেখ করেন। এই অভিধা ব্যবহারের কারণও ব্যাখ্যা করেছিলেন তিনি। আনিস আলমগীর লিখেছিলেন, “আদালতের রায় অনুযায়ী তাকে খুনি বলছি। তার যুক্তি ছিল, তারেক রহমান আইনি প্রক্রিয়ায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে তিনি আর তাকে ‘খুনি’ বলবেন না।
- একই কলামে তারেক রহমানকে “আত্মপক্ষ সমর্থন না করে... লন্ডনে পলাতক” বলেও উল্লেখ করেন তিনি। লন্ডনকে তার ভাষায় বলা হয় “দুনিয়ার সব পলাতক ক্রিমিনালদের স্বর্গরাজ্য”।
- তারেক রহমানের রাজনৈতিক ভূমিকা নিয়েও ওই লেখায় কঠোর মন্তব্য ছিল। আনিস আলমগীর লিখেছিলেন, “তারেক রহমান বিএনপির সম্ভাবনাকে শেষ করছেন। ‘আয়নাঘর’ নিয়ে চলমান আলোচনার প্রসঙ্গে তার মন্তব্য ছিল, “ভাঙা মেরুদণ্ড নিয়ে চিকিৎসার নামে দেশ ছেড়ে পালিয়ে এখনো কেন আসেন না।”
- তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পতিত স্বৈরাচার হাসিনাকে অপরাধী মনে করেন না
- ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে।
- শেখ হাসিনার স্বৈরাশাসনামলে আদালতের রায়ে যাবজ্জীবন দণ্ডিত তারেক রহমানকে ‘খুনি’ হিসেবে অভিহিত করলেও, বর্তমানে মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনাকে ‘অপরাধী’ বলতেও নারাজ আনিস আলমগীর।
- গত অক্টোবর মাসে ‘দ্য ব্লু আওয়ার’ নামে একটি অনলাইন প্লাটফর্মে দেয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে আনিস বলেন, “আমি তাকে (শেখ হাসিনা) ক্রিমিনাল বলছি না”।
- তিনি বলেন, “বাংলাদেশের মানুষ কে কী ভাবলো সেটা তার পারপেক্টিভ। আমি তাকে ক্রিমিনাল ভাবি নাই। আমি তাকে অটোক্রেট, আমি তাকে কর্তৃত্ববাদী, আমি তাকে বিরুদ্ধমত দমনকারী, আমি সবকিছু বলছি তো।”
- এ সময় উপস্থাপক প্রশ্ন করেন, “কিন্তু ক্রিমিনাল বলছেন না?” জবাবে আনিস বলেন, “আমি ক্রিমিনাল বলছি না। কারণ রাষ্ট্র পরিচালনায় একেকজনের একেকটা গুন আছে।”
- এর বাইরে দ্য ডিসেন্ট আনিস আলমগীরের দেয়া সম্প্রতি রাজনীতি বিষয়ক বিভিন্ন বক্তব্যের ৯২টি ভিডিও বিশ্লেষণ করে শেখ হাসিনা সম্পর্কে তার দুই ধরনের বক্তব্য পেয়েছে। এর মধ্যে কিছু ভিডিওতে আনিস আলমগীর হাসিনার বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেছেন এবং কিছু ভিডিওতে রাষ্ট্র পরিচালনায় তার ‘দক্ষতা’র ভুয়সী প্রশংসা করেছেন। কিন্তু কোথাও শেখ হাসিনাকে ‘অপরাধী’ ‘খুনি’ ‘আদালতে দণ্ডপ্রাপ্ত খুনি’ ‘হত্যাকারী’ ‘গণহত্যাকারী’-- এই ধরনের শব্দে অভিহিত করার প্রমাণ পাওয়া যায়নি; যেমনটি তিনি তারেক রহমানের ক্ষেত্রে করতেন শেখ হাসিনার স্বৈরশাসনামলে।
- শেখ হাসিনার যে ধরনের সমালোচনা করেছেন আনিস আলমগীর তার একটি উদাহরণ হাসিনা আমলের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে গত ১৮ এপ্রিল ২০২৬ তার একটি ফেসবুক পোস্ট। তিনি লেখেন: “শেখ হাসিনার আমলে আইন ছিল খুবই কঠোর। কিন্তু সেই কঠোরতা প্রয়োগের ক্ষেত্রে ভারসাম্য ছিল না।”
- একই পোস্টে তার অভিযোগ ছিল, শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে কিছু লেখা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হতো।
- আবার হাসিনার প্রশংসা করে গত ১৫ মে আনিস আলমগীর লিখেছেন, “শেখ হাসিনা তার দীর্ঘ অভিজ্ঞতায় সেটি ভালো করেই জানতেন।”
- তিনি আরও লেখেন: “রাষ্ট্র পরিচালনায় তার দক্ষতা তাকে জনগণের কাছে স্মরণীয় করে রেখেছে। একই পোস্টে তার মন্তব্য ছিল, “অযোগ্য ও বাটপার ইউনূসের শাসনকাল শেখ হাসিনার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে।
- টিকাদান কর্মসূচি নিয়ে ২ মে করা আরেক পোস্টে শেখ হাসিনার ‘ভ্যাকসিন হিরো’ স্বীকৃতির কথা তুলে ধরেন তিনি। সেখানে তার মন্তব্য ছিল: “সবাইকে তার কৃতকর্মের পুরস্কার এবং তিরস্কার দিতে হবে। সেখানে তিনি শেখ হাসিনা, ড. ইউনূস কিংবা তারেক রহমান—সেটা দেখার বিষয় না।”
- জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেয়ার পক্ষে ওকালতি
- আনিস আলমগীর শেখ হাসিনার স্বৈরশাসনামলে বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগের সিদ্ধান্তের পক্ষে বয়ান উৎপাদনে লেখালেখি করতেন। ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগপন্থী ব্যবসায়ী কাজী আনিস আহমেদের মালিকানাধীন ঢাকা ট্রিবিউন পত্রিকায় “Should Ziaur Rahman's gallantry title be revoked?” শিরোনামে একটি কলাম লেখেন।
- এর দুই দিন আগে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সিদ্ধান্ত নেয় স্বাধীনতার ঘোষক ও মুক্তিযুদ্ধের সেক্টর জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব কেড়ে নেয়ার। ঢাকা ট্রিবিউনে লেখা কলামে সরকারি এই সিদ্ধান্তের পক্ষে বয়ান হাজির করেন আনিস আলমগীর।
- তিনি কলামটিতে লিখেছেন, “প্রশ্ন উঠেছে, যেসব অভিযোগে জিয়াউর রহমানের বিচার কোনো আদালতে হয়নি, সেসব অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগ সরকার কি তাঁর খেতাব কেড়ে নিতে পারে? বঙ্গবন্ধু হত্যা মামলায়ও তিনি অভিযুক্ত নন।”
- এরপরে সেই প্রশ্নের জবাব দিতে নামহীন কথিত বিশেষজ্ঞের বরাতে লিখেছেন, “বিশেষজ্ঞরা বলছেন, সরকার চাইলে তা করতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে নানা কারণে পরবর্তী সময়ে খেতাব প্রত্যাহারের নজির রয়েছে। এমনকি পাকিস্তান আমলেও কয়েকজন বাঙালিকে পুরস্কৃত করা হয়েছিল, কিন্তু পরে পাকিস্তান সরকার তাদের সেই পুরস্কার প্রত্যাহার করে নেয়। আর জিয়া বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের তালিকায় ছিলেন না, কারণ তত দিনে তিনি মারা গিয়েছিলেন। বাংলাদেশের আইন অনুযায়ী মৃত ব্যক্তির বিচার হয় না।”
- এই ‘বিশেষজ্ঞরা’ কারা তা পুরো কলামে কোথাও উল্লেখ নেই। এই কলামটি আনিস আলমগীর নিজের ওয়েবসাইটেও পুনঃপ্রকাশ করেছেন।
- জিয়াউর রহমানের মাজার উদ্যান থেকে সরানোর পক্ষে বয়ান তৈরি
- শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্যান্য নেতারা যখন ২০২১ সালের দিকে সুর তুলেছিলেন শহীদ প্রেসিডন্টে জিয়াউর রহমানের মাজার চন্দ্রিমা উদ্যান থেকে সরিয়ে অন্যত্র নেয়ার, তখন তাদের বক্তব্যের পক্ষে বয়ান তৈরি করতে কলাম লেখেন আনিস আলমগীর।
- ঢাকা ট্রিবিউনে ২০২১ সালের ৮ সেপ্টেম্বর লেখা “An old debate resurfaces” শিরোনামে কলামে আনিস বিভিন্ন যুক্তি দেখিয়ে সিদ্ধান্ত দেন যে, জিয়ার মাজার সরাতে কোন বাধা নেই বরং সরকার কিছু উন্নয়ন কাজ করতে চাইলে মাজারটি বাধা হয়ে দাঁড়াবে।
- জনাব আনিস লিখেছেন, “সব মিলিয়ে মনে হচ্ছে, তারা (শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা) মূলত জিয়াউর রহমানের কবর সরানোর কথাই বলছেন। সরকার এখনো জানায়নি, কোথায়, কখন এবং কেন কবরটি স্থানান্তর করা হবে। সরকারের যদি এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা থাকে, তাহলে তার যথাযথ ব্যাখ্যা জনসমক্ষে প্রকাশ করা প্রয়োজন। কবর স্থানান্তর ধর্মীয়ভাবে অবৈধ নয়। প্রয়াত হযরত মুফতি ফয়জুল্লাহ একবার বলেছিলেন, কবর দেওয়ার সাত বছর পর সেই কবরের ওপর বাড়ি নির্মাণ করা জায়েজ। আমি এ বিষয়ে বিশেষজ্ঞ নই; ইসলামি আলেমরা বিষয়টি বিশ্লেষণ করে ফতোয়া দিতে পারেন।
- তবে ইতিহাসে দেখা যায়, ১৯৩৮ সালে ফোরাত নদীর তীরের কাছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দুই সাহাবির কবরও স্থানান্তর করা হয়েছিল। তাঁদের দুজনের মরদেহই অক্ষত ছিল। এমনকি যে কাপড় দিয়ে তাঁদের দুজনকে দাফন করা হয়েছিল, সেটিও নোংরা হয়নি। মহানবী (সা.)-এর সাহাবিদের কবর স্থানান্তর করা সম্ভব হলে জেনারেল জিয়ার কবর স্থানান্তরে অসুবিধা কোথায়? এমনকি জিয়ার মরদেহ কবরে থাকলেও তা সম্ভব।”
- কবর সরানো হলে লাশ কোথায় দাফন করতে হবে সে বিষয়েও পরামর্শ দিয়ে রেখেছিলেন সিনিয়র এই সাংবাদিক। তিনি লিখেছেন, “জিয়ার কবর সরানো হলে তাকে দ্বিতীয়বার কোথায় দাফন করা হবে, সেই প্রশ্ন উঠতে পারে। সে ক্ষেত্রে তাঁর পরিবারের মতামত নেওয়া প্রয়োজন। তিনি আরও লিখেছেন, “চন্দ্রিমা উদ্যানে সচিবালয় নির্মাণ করতে হলে জিয়াউর রহমানের কবর একটি বাধা হয়ে দাঁড়াবে। তাই জিয়ার কবর সরানো অনিবার্য ও প্রয়োজনীয় হয়ে পড়বে।
- সোর্স: দ্যা ডিসেন্ট







