- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি রাজনৈতিক দল হিসেবে ব্যর্থ হয়েছে এবং সরকার গঠনের পর তাদের সেই ব্যর্থতার পাল্লা আরও ভারী হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
- আজ শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
- বক্তব্যে মামুনুল হক উল্লেখ করেন, রাজনৈতিক সহযোদ্ধাদের সাথে অবিশ্বাস ও দূরত্ব তৈরি করে বিএনপি মূলত নিজেদের জন্যই একটি আত্মঘাতী পরিস্থিতি ডেকে এনেছে। তবে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ঐক্যের মধ্যে যে ফাটল তৈরি হয়েছে তা মেরামতের প্রধান দায়িত্ব এখন সরকারকেই নিতে হবে।
- মামুনুল হক বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের আগে দীর্ঘ ১৫-১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যে ঐক্য ও সংহতি গড়ে উঠেছিল, তা রক্ষার ওপর আমরা শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছি। অন্তর্বর্তী সরকারের আমল থেকে নির্বাচনের আগেও বিভিন্ন রাজনৈতিক ফোরামে এ বিষয়ে কথা বলেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দল হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং সরকার হিসেবে আরও বেশি ব্যর্থ হয়েছে। তারা রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে অবিশ্বাস তৈরি করেছে। কথায় কথায় মিত্রদের আক্রমণ করে নিজেদের জন্যই আত্মঘাতী পরিস্থিতি তৈরি করেছে।
- তিনি বলেন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান অনেক বিলম্বে এলেও আমরা তাকে স্বাগত জানাই। তবে বাংলাদেশের মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে যে বিপুল জনমত দিয়েছে, সেই গণরায়কে সম্মান করতে হবে। নিজেদের অতীত ভূমিকা পর্যালোচনা করতে হবে। গণভোটের আগে বিএনপির নেতাকর্মীদের একটি অংশ ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালিয়েছেন। তাদের এই ভূমিকার কারণেই ‘হ্যাঁ’-এর পক্ষে জনসমর্থন আরও বিস্তৃত হয়েছে। অথচ কিছু ইসলামী রাজনৈতিক সংগঠনও যথাযথ বিশ্লেষণ ছাড়াই বিএনপির অবস্থানের সঙ্গে সুর মিলিয়েছে। এটি ছিল তাদের চরম আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্ত।
- তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট হলে তার অপমৃত্যু ঘটবে। তাই ঐক্যের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। জুলাই সনদের যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল, সেগুলো ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
- সরকার ও বিএনপির প্রতি সতর্কবার্তা উচ্চারণ করে আল্লামা মামুনুল হক বলেন, বাংলাদেশকে আধিপত্যবাদের হাত থেকে রক্ষার সংগ্রামে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সরকার ও বিএনপি ভুল পথে পরিচালিত হলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে একচুল পরিমাণ পিছপা হব না। সরকার ব্যর্থ হলে বাংলাদেশের মানুষ কারও হাতে দেশের ভাগ্য ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবে না। প্রয়োজনে আবার নতুন জুলাই আসবে, আবার নতুন সংগ্রাম হবে।
- তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস বর্তমানে একটি গুরুত্বপূর্ণ উত্তরণপর্ব অতিক্রম করছে। দীর্ঘদিন ধরে প্রান্তিক অবস্থানে থাকা কওমি ধারার রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা তৈরি করেছে। এ অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবাইকে দক্ষতা, ভারসাম্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে।
- বন্ধুপ্রতিম ইসলামী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নীতির প্রশ্নে অটল থাকতে হবে, তবে বক্তব্য ও আচরণে নম্রতা বজায় রাখতে হবে। অন্য সংগঠনগুলোর প্রতি কটু ভাষা প্রয়োগ না করে ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে তাদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। ইসলামী অঙ্গনের বিচ্ছিন্ন শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে একটি বৃহত্তর ইসলামী শক্তির উত্থানে বাংলাদেশ খেলাফত মজলিসকে ভূমিকা রাখতে হবে।
- তিনি আরও বলেন, জুলাইয়ের অর্জনকে নিজেদের লড়াই ও সংগ্রামের ফসল মনে করে বাংলাদেশ খেলাফত মজলিস। এই অর্জনকে পূর্ণতা দিতে সংগঠনটি শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।







