বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। তিনি মুজাহিদকে ইসলামী আন্দোলনের একজন আদর্শনিষ্ঠ ও আপসহীন নেতা হিসেবে উল্লেখ করেছেন।বাংলাদেশ সংবাদ
শুক্রবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেছেন, ‘গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ভূমিকা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
তিনি আরো বলেন, ‘২০০১-২০০৬ মেয়াদে চারদলীয় জোট সরকারের সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে মুজাহিদ সততা, দক্ষতা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।’
বিবৃতিতে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সরকার দলটিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টায় লিপ্ত হয়। এর ধারাবাহিকতায় মুজাহিদের বিরুদ্ধে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্রমূলক মামলা করা হয় এবং দলীয়ভাবে সাজানো মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়।’
তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম সুপ্রিম কোর্ট থেকে বেকসুর খালাস পাওয়ায় প্রমাণিত হয়েছে, জামায়াতের নেতাদের বিরুদ্ধে আগের রায়গুলো অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অন্যায় ও প্রহসনমূলক ছিল।’রাজনৈতিক বিশ্লেষণ
বিবৃতিতে তিনি আরো দাবি করেন, ‘যে প্রধান বিচারপতির নেতৃত্বে মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছিল, তিনি নিজেই দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন।’
তার ভাষ্য, যিনি নিজেই দুর্নীতিগ্রস্ত, তার বিচারও ন্যায়ভ্রষ্ট। রাজনৈতিক উদ্দেশ্যেই মুজাহিদসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘২০১৫ সালের ২১ নভেম্বর রাত ১২টা ৫৫ মিনিটে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শহীদ মুজাহিদসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের ত্যাগ ও আত্মদানের ইতিহাস জাতি চিরদিন স্মরণ করবে।’
তিনি আরো বলেন, ‘তাদের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে এ দেশে একদিন ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। জাতি আজ তার শূন্যতা গভীরভাবে অনুভব করছে। তিনি মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।’
বিবৃতিতে ডা. শফিকুর রহমান মহান আল্লাহর কাছে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের শাহাদাত কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দেয়ার দোয়া করেন। একইসাথে মুজাহিদের অসমাপ্ত কাজ এগিয়ে নেয়ার জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তির প্রতি আহবান জানান এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন।







