জঙ্গি সংগঠনের তালিকা করলে আওয়ামীলীগ হবে পৃথিবীর এক নাম্বার জঙ্গি সংগঠন বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্টার নিউজের আয়োজিত ‘কড়া আলাপ’ শীর্ষক টকশো অনুষ্ঠানে অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, “আওয়ামী লীগ একাত্তরের মুক্তিযুদ্ধের কথা বলে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরতে চায়। অথচ মুক্তিযুদ্ধ এ দেশের জনগণ ও সাধারণ মানুষ করেছে। আওয়ামী লীগের সংসদ সদস্যদের মধ্যেই ৪৯ জন যুদ্ধাপরাধী বা মুক্তিযুদ্ধবিরোধী ছিলেন।”
তিনি বলেন, “বাংলাদেশে এতগুলো গণহত্যা হয়েছে, তখন সেদিকে না দেখে একেবারে দোর্দণ্ড প্রতাপে একাত্তরের কথা বলেন। যেটাতে উনিও ছিলেন না, আমিও ছিলাম না। সেটাই আজকে উনাদের কাছে আওয়ামী লীগের সবচেয়ে বড় মেজারমেন্ট।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ একাত্তরের যুদ্ধ কিন্তু এ দেশের জনগণ করেছে, এ দেশের মানুষ করেছে। আওয়ামী লীগের এমপিদের মধ্যে ৪৯ জন যুদ্ধাপরাধী বা মুক্তিযুদ্ধবিরোধী ছিল।”
জামায়াতের এই নেতা দাবি করেন, আওয়ামী লীগ একসময় ১০ হাজার রাজাকারের তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকার প্রায় ৮ হাজার রাজাকার আওয়ামী লীগের ছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
তবে আওয়ামী লীগের সংসদ সদস্যদের মধ্যে ৪৯ জন যুদ্ধাপরাধী বা মুক্তিযুদ্ধবিরোধী ছিলেন এবং প্রকাশিত তালিকার প্রায় ৮ হাজার ব্যক্তি আওয়ামী লীগের ছিলেন বলে করা এসব দাবির পক্ষে বক্তব্যে কোনো তথ্যসূত্র বা প্রমাণ তুলে ধরেননি রেজাউল করিম।







