- গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। নাশকতার প্রতিবাদে আগামী ২১ নভেম্বর বিক্ষোভের ডাক দিয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অস্থিরতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জামায়াত উদ্বিগ্ন।
- সরকার জুলাই সনদ গণভোটের রায় অগ্রাহ্য করে দেশ পরিচালনার যে মানসিকতা দেখাচ্ছে, তা থেকেই সংকট সৃষ্টি হয়েছে। অবিলম্বে জনগণের গণরায় মেনে নিয়ে রাজনৈতিক সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে।
- বুধবার রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে নির্বাহী পরিষদের বৈঠকের পর ব্রিফিংয়ে এসব কথা বলেছেন গোলাম পরওয়ার। জামায়াত আমির শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারনী ফোরামের সদস্যরা অংশ নেন। বৈঠকে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা-নাশকতা, গার্মেন্টস শ্রমিক অসন্তোষসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
- মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ এবং জননিরাপত্তাহীনতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। পুলিশ ও সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হচ্ছে। দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা চলছে। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
- জামায়াত সেক্রেটারি বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা উপেক্ষার সুযোগ নেই। সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নে সরকার ও বিরোধী দলকে সংসদীয় প্রক্রিয়ায় একসঙ্গে কাজ করতে হবে। চলমান সংকট রাজপথে না ঠেলে সংসদেই এর সমাধান খুঁজে বের করতে হবে।
- জনগণের প্রতি আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার পাশাপাশি দেশের শিল্প-কারখানা ও অর্থনীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করে শিল্পের স্বার্থও রক্ষা করতে হবে।
- গোলাম পরওয়ার বলেছেন, সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে আগামী ২১ নভেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াত। ডিসেম্বর মাসজুড়েও সংগঠনের কর্মসূচি থাকবে। এ ছাড়া ফ্যাসিবাদের পুনর্বাসন রোধে সব রাজনৈতিক দল ও দেশপ্রেমিক শক্তিকে নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি নিয়ে মাঠে নামতে হবে।
- বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, আবদুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ।







