গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় থানা থেকে অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে নেতাকর্মীদের প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের দেওয়া নির্দেশনার একটি অডিও ফাঁস হয়েছে।
ফাঁস হওয়া ওই অডিওতে দেখা যায়, ১৫ নভেম্বর একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে আ ক ম মোজাম্মেল হক এবং দলটির কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ইব্রাহিম হোসেন মুন নেতাকর্মীদের নানা নির্দেশনা দেন।
অডিও রেকর্ডে মোজাম্মেল হককে বলতে শোনা যায়, আগামী ১৯ নভেম্বর দলটির ঘোষিত ‘লকডাউন’ সফল করতে প্রতিটি ইউনিয়নে অন্তত তিনটি করে বাড়িতে আগুন দিতে হবে। এ সময় তিনি বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর শারীরিক নির্যাতন, এমনকি প্রয়োজনে হত্যার নির্দেশনাও দেন। এ ছাড়া বৈঠকে ইব্রাহিম হোসেন মুনকে বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ্য করে গালাগাল করতে শোনা যায়।







