ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে শিক্ষার্থীদের মোবাইল ফোনসহ বিভিন্ন প্রয়োজনীয় ইলেকট্রনিক ডিভাইস চার্জ করার সুবিধার্থে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ২২টি চার্জিং স্টেশন স্থাপন করা হবে।
সোমবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডাকসু ভিপি সাদিক কায়েম এ তথ্য জানিয়েছেন।
ফেসবুকে পোস্টে তিনি লেখেন, “ডাকসুর উদ্যোগে এবং সুপারস্টার গ্রুপের সহযোগিতায় শিক্ষার্থীদের সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২২টি চার্জিং স্টেশন স্থাপন করা হবে। এরই অংশ হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে ডাকসুর কাছে ২২টি চার্জিং স্টেশন হস্তান্তর করেছে সুপারস্টার গ্রুপ।”
তিনি আরও বলেন, “চার্জিং স্টেশনগুলো সায়েন্স লাইব্রেরি, কেন্দ্রীয় গ্রন্থাগারসহ ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবনে স্থাপন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আরও সহজে ও স্বাচ্ছন্দ্যে মোবাইল ফোনসহ প্রয়োজনীয় ইলেকট্রনিক ডিভাইস চার্জ করার সুবিধা পাবেন।”







