- ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দলীয় দায় স্বীকার করেছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তবে এই হত্যাকাণ্ডের সাথে নিজের কোনো সরাসরি সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেছেন তিনি। গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ নিজের জামিন আবেদনের শুনানিকালে আদালতের সামনে তিনি এমন বক্তব্য দেন।
- শুনানিতে ট্রাইব্যুনালকে লতিফ সিদ্দিকী বলেন, ‘শাপলা চত্বরের ঘটনার সময় আমি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলাম। তৎকালীন দলের একজন নেতা হিসেবে আমি আমার সেই দায় স্বীকার করছি। তবে ওই হত্যাকাণ্ডে আমি জড়িত ছিলাম না। বর্তমানে বার্ধক্যজনিত কারণে আমি জামিন প্রার্থনা করছি।
- এ সময় আদালতে হাজির করার প্রক্রিয়া নিয়েও অভিযোগ করেন তিনি। লতিফ সিদ্দিকী বলেন, ‘আমাদের হেলমেট পরিয়ে জোর করে এখানে আনা হচ্ছে। আমাদের নির্যাতন করা হচ্ছে।’ তবে তার এসব অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনাল কোনো আদেশ দেননি।
- ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে দুপুর ১২টা ৫৫ মিনিটে আসামিদের হাজির করা হয়। শুনানি শুরু হয় বেলা ২টায়।
- আটজন আসামিকে পেছনে হাতকড়া, মাথায় হেলমেট ও শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে আনা হয়। এর আগে হাতকড়া ছাড়া আসামিদের আদালতে হাজির করা নিয়ে সমালোচনার পর এবার এমন ব্যবস্থা নেওয়া হয়।
- তবে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং সাংবাদিক ফারজানা রূপাকে এসব নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই আদালতে হাজির করা হয়।
- প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এবং পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মণ্ডলকে আদালতে নেওয়ার সময় তারা কিছুটা বাধা দেন। অন্যদিকে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান মাথা নিচু করে নীরবে আদালতে প্রবেশ করেন।
- এ ছাড়া আদালতে হাজির করা অন্য আসামিরা হলেন হাসানুল হক ইনু, ডা. আবদুর রাজ্জাক, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এবং একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু।







