আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নেই জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), সরকারকে চাপে রাখতে আ. লীগের সঙ্গে হাত মিলিয়েছে বলে অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের (জিওপি) মুখপাত্র আবু হানিফ।
তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে বিএনপি ও তার মিত্ররা রাজপথে রয়েছে। এদিকে জামায়াত-এনসিপি নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার জন্য কাজ করছে।’
আজ সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে আবু হানিফ লেখেন, “দেশের বিভিন্ন জায়গায় নাশকতা চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ। কোথাও ককটেল বিস্ফোরণ, কোথাও অগ্নিসংযোগ, কোথাও গুপ্ত হামলা। বিশেষ করে গোপালগঞ্জে লগি-বইঠার তাণ্ডব চালাচ্ছে এই নিষিদ্ধ আওয়ামী লীগ। নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডব থেকে রেহাই পাচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিংবা সাধারণ মানুষ।”
তিনি বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে বিএনপি ও তার মিত্ররা রাজপথে রয়েছে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হওয়ার পরও জামায়াতে ইসলামী ও এনসিপি আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নেই।”
আবু হানিফ বলেন, “সরকারকে চাপে রাখতে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছে জামায়াত-এনসিপি। এভাবে জামায়াত-এনসিপি নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার জন্য কাজ করছে।”







