গোপালগঞ্জের মুকসুদপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
গত শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মুকসুদপুর থানায় মামলাটি করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ। তিনি উপজেলার টেংরাখোলা গ্রামের কামাল শরীফের ছেলে। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাত ১০টার দিকে আব্দুল কাইয়ূম শরীফ মুকসুদপুর সদর থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় মুকসুদপুর সরকারি কলেজের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়েছ
এজাহারে আরও বলা হয়, খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তিরা ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত আকিজ জুট মিলের দিকে চলে যান। বাদীও তাদের পিছু নিয়ে জুট মিলের দিকে এগিয়ে যান। পরে পুলিশের আরেকটি টহল দল ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে জুট মিলের অপর পাশে দাসেরহাট সড়কের মুখে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি সফল করার নামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করায় বিস্ফোরক আইনে মামলাটি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।







