শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের ,ফাইনালে পাকিস্তান

Post Image
  • দর্শকে পরিপূর্ণ গ্যালারির গর্জন আর দীর্ঘ ২১ বছরের শিরোপা খরা ঘুচানোর সোনালী স্বপ্ন এক নিমিষেই মিলিয়ে গেল বিষাদে। খেলার ঘড়িতে তখন ৮৫ মিনিট অতিক্রান্ত; অতিরিক্ত সময়ের রোমাঞ্চের অপেক্ষায় পুরো গ্যালারি। ঠিক সেই মাহেন্দ্রক্ষণেই ব্বজ্রাঘাত হয়ে এলো পাকিস্তানের আক্রমণ। ৮৬ মিনিটে ফরোয়ার্ড আবদুল সামাদের নিখুঁত বাঁ পায়ের শটে বল জালে জড়াতেই স্তব্ধ হয়ে যায় পুরো স্টেডিয়াম। শেষ মুহূর্তের এই একমাত্র গোলে স্বাগতিক বাংলাদেশকে ১-০ ব্যবধানে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে নাম লেখাল পাকিস্তান।

  • গ্রুপ পর্বে কোনো গোল হজম না করেই অপরাজিতভাবে সেমিফাইনালে পা রেখেছিল বাংলাদেশ। ২০০৫ সালের পর ফাইনালের টিকিট পাওয়া এবং ২৩ বছরের ট্রফি জয়ের অধরা মিশন সামনে রেখেই কোচ টমাস ডুলির শিষ্যরা মাঠে নেমেছিল। কিন্তু টুর্নামেন্টে নিজেদের রক্ষণদুর্গের প্রথম গোলটিই তাদের হজম করতে হলো সবচেয়ে দুর্ভাগ্যের মুহূর্তে এসে। বাংলাদেশের হৃদয় ভাঙার এই রাতে দক্ষিণ এশীয় ফুটবলের সর্বোচ্চ আসরে প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে পা রেখে নতুন এক ইতিহাস রচনা করল পাকিস্তান। আগামী ১৭ নভেম্বর শিরোপা নির্ধারণী ফাইনালে তারা ভারতের মুখোমুখি হবে।

  • ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে গতকাল একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। অ্যাকিলিস টেন্ডনের চোটে ছিটকে যাওয়া সাদ উদ্দিনের জায়গায় রাইট-ব্যাক পজিশনে ফেরেন রহমত মিয়া, আর আক্রমণভাগে মোহাম্মদ ইব্রাহিমের বদলে সুযোগ পান শুকি ইতোফুসা। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ, রহমত ও রাকিব হোসেনের সঙ্গে একাদশে ছিলেন আটজন প্রবাসী ফুটবলার। গ্রুপ পর্ব শেষে পাঁচ প্রবাসী ফুটবলার দলে যোগ দেওয়ায় শক্তি বেড়েছিল পাকিস্তানেরও।

  • ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করে সফরকারীরা। দ্বিতীয় মিনিটেই বক্সের বাইরে থেকে আলী উজাইরের জোরালো শট দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন মেহেদী হাসান শ্রাবণ। শুরুতে কিছুটা চাপে থাকলেও দ্রুতই মাঝমাঠের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। সপ্তম মিনিটে রাকিব হোসেনের পাস থেকে কাজেম শাহর শট তালুবন্দী করেন পাকিস্তান গোলরক্ষক ইউসুফ বাট। প্রথমার্ধের সবচেয়ে সুবর্ণ সুযোগটি বাংলাদেশ পায় ২৩ মিনিটে। শমিত সোমের হেড থেকে বক্সের ভেতরে বল পেয়ে রাকিব বাঁ পায়ে শট নিলেও নিচু হয়ে তা ফিরিয়ে দেন ইউসুফ বাট। দুই মিনিট পর আলী উজাইরের আরেকটি শট ঠেকিয়ে বাংলাদেশের ত্রাতা হন শ্রাবণ।

  • ৩২ মিনিটে ভাগ্যের সহায়তায় বড় বাঁচা বেঁচে যায় বাংলাদেশ। আলী উজাইরের ক্রস থেকে বক্সের ভেতরে বল পেয়ে বাঁ পায়ে শট নিয়েছিলেন পাকিস্তানের আবদুল সামাদ, কিন্তু বল ডান পোস্টে লেগে ফিরে আসে। প্রথমার্ধে পোস্ট বাধা হয়ে দাঁড়ালেও শেষ পর্যন্ত এই সামাদের গোলেই কাঁদতে হলো বাংলাদেশকে। বিরতির আগে আরও দুটি সুযোগ তৈরি করেছিল স্বাগতিকেরা। ৩৮ মিনিটে রাকিবের দূরপাল্লার শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান ইউসুফ বাট, আর ৪২ মিনিটে জিদান ইউসুফের পাসে বক্সের বাঁ দিকে ফাঁকায় বল পেয়েও উড়িয়ে মারেন শুকি ইতোফুসা।

  • দ্বিতীয়ার্ধেও সমানে সমান লড়াই চলেছে দুই দলের মধ্যে। ৫৪ মিনিটে রাকিবের পাস থেকে বক্সের মাঝামাঝি জায়গায় শমিত সোমের জোরালো শট প্রতিহত হয় পাকিস্তানের রক্ষণে। আক্রমণে গতি আনতে ৬২ মিনিটে শুকিকে তুলে মোহাম্মদ ইব্রাহিমকে নামান বাংলাদেশ কোচ টমাস ডুলি। ৭৪ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন পাকিস্তানের আলী উজাইর, তাঁর বদলি হিসেবে নামেন হাইয়ান খাট্টাক—ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ায় বড় ভূমিকা রাখেন এই বদলি মিডফিল্ডারই।

  • ৭৬ মিনিটে রহমত মিয়ার জায়গায় বিশ্বনাথ ঘোষকে নামায় বাংলাদেশ। ঠিক ওই মিনিটেই বক্সের বাইরে থেকে আদিল নবীর নিচু কোণাকুণি শট দারুণ দক্ষতায় রুখে দেন শ্রাবণ। ৮৫ মিনিটেও বাংলাদেশের ত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। আবদুল সামাদের পাস থেকে বক্সের বাঁ দিক থেকে আলী খানের ডান পায়ের শট ফিরিয়ে দেন শ্রাবণ। কিন্তু শ্রাবণই ভুল করে বসেন। থ্রো করে তিনি বল দেন খাট্টাকের কাছে। সেই খাট্টাক দারুণ এক পাস দেন সামাদের কাছে। বক্সের ডান দিকে পেয়ে বাঁ পায়ের নিচু শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান আবদুল সামাদ। গোলের পর যোগ করা সময়ে দর্শকদের স্মোক ফ্লেয়ারের খেলা বন্ধ ছিল মিনিট পাঁচেক। বাকি সময়টুকু আপ্রাণ চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ, শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন স্বাগতিক ফুটবলাররা।

  • এর আগে গতকাল দিনের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে সাফের ইতিহাসে রেকর্ড ১৪তম বারের মতো ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আগামী ১৭ নভেম্বর শিরোপা লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে প্রথমবারের মতো ফাইনালে ওঠা পাকিস্তান।

সর্বশেষ খবর

হারের পর গ্যালারিতে আগুন দেয় বাংলাদেশের দর্শকেরা

শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের ,ফাইনালে পাকিস্তান

ভারতে নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা

লঙ্কানদের ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ

পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল

সিরিজ হেরে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ

ভুটান-শ্রীলঙ্কার নাটকীয় ড্র, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

সর্বাধিক পঠিত

ব্রা‌জিলের বিদায়ে সমর্থক হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে ভ‌র্তি

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটে পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা

অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

রশিদের ঘূর্ণিতে বিধ্বস্ত আয়ারল্যান্ড

ফুটবল ভক্তদের বিশ্বকাপের এই পাঁচ ম্যাচ দেখতেই হবে

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং নিয়ে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া

লুঙ্গি এনগিডি এখন কেমন আছেন

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি: বিসিবি পরিচালক

ফাইনালের আগে আবেগঘন বার্তা মেসির, কী বললেন মহাতারকা

অস্ট্রেলিয়ায় আশ্রয়: অবশেষে দেশে ফিরে এসেছে ইরান নারী ফুটবল দল