মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি কখনো বাংলাদেশের মূলধারার নায়ক হতে পারে না উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া বলেছেন, আমাদের বোর্ডিং পাস, লন্ডন ভ্রমণ কিংবা ভিসার খতিয়ান দেখানোর কথা বলা হচ্ছে। আমিও স্পষ্ট করে বলতে চাই- রেডি হও জামায়াতে ইসলামী, পাকিস্তানই তোমাদের উপযুক্ত জায়গা। তোমাদের পাকিস্তানেই পাঠাতে হবে। নিজেদের বোর্ডিং পাস ঠিক করো।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের স্থান এ দেশে হতে পারে না এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম কখনো বাদ পড়বে— এমন পরিস্থিতি মেনে নেওয়া হবে না।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ হারুন। সমাবেশে সভাপতিত্ব করেন মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জেলা কৃষকদলের আহ্বায়ক তোসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক তোবিউল ইসলাম তারিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হোসেন সোহেল এবং বিএনপি নেতা আমিনুল ইসলাম মতি, ময়েজ উদ্দিন ও সামিউল ইসলাম পলাশসহ আরও অনেকে।







