গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলায় গুরুতর আহত গাইবান্ধার গোবিন্দগঞ্জের তৌফিক মিয়া (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালের দিকে ঢাকার গাজীপুরের বাংলাবাজার এলাকায় সিং জিং জাপান হাসপাতালে মারা যান তিনি।
তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। তিনি উপজেলার ছয়ঘরিয়া বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে ২০২৩ সালের এসএসসি পাশ করেন। বিষয়টি মঙ্গলবার রাতে নিশ্চিত করছেন তৌফিকের স্কুলশিক্ষক প্রদীব কুমার।
তিনি বলেন, তৌফিক একজন মেধাবী ছাত্র ছিল। বাবা মারা যাওয়ার পর পরিবারের অভাব ঘোচাতে ঢাকায় যায় । গার্মেন্টেসে কাজ শুরু করে। মজুরি নিয়ে চলমান আন্দোলনে তিনি আহত হয়। আমরা শুনছি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তৌফিক। আজ সকালে খবর এলো আইসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।
রাত এগারটার দিকে তৌফিকের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছিছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তৌফিক জীবিকার তাগিদে গাজীপুরের বাংলা বাজার এলাকায় অবস্থান করছিলেন। সেখানে গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনে তিনি অংশ নেন। আন্দোলনের একপর্যায়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় আন্দোলন দমনকারীরা। এ সময় সংঘর্ষ ও হামলার ঘটনা মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করলে তৌফিকের ওপর চড়াও হয় হামলাকারীরা। তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে আন্দোলনরত অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।







