‘ভাঙ্গাবাসী কেমন আছেন? আপনাদের জায়গার নাম ভাঙ্গা। আসলে সারা দেশের কোমর ভাঙা। তাই দেশ মেরামত করতে হবে, সংস্কার করতে হবে।’
আজ শনিবার সকালে ফরিদপুরের ভাঙ্গায় লংমার্চের পথসভায় এই কথা বলেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
১১ দলীয় ঐক্যজোটের ‘ঢাকা-খুলনা-কুষ্টিয়া’ লংমার্চ আজ সকাল ১১টার দিকে ভাঙ্গায় পৌঁছায়। ভাঙ্গা পৌরসভা কার্যালয়ের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে নেতাকর্মীদের উদ্দেশে গাড়ি থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন জামায়াতের আমির।
পথসভায় শফিকুর রহমান বলেন, ‘দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের তাড়াতে হবে। দুঃশাসন থেকে মুক্তি পেতে হবে। এটি জনগণের লড়াই, মুক্তির লড়াই। আমরা সাত দফা নিয়ে রাস্তায় নেমেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের দাম কমানো এবং বিদ্যুৎ, গ্যাস ও সারের সংকট দূর করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে।’
এ সময় তিনি জনতার উদ্দেশে প্রশ্ন রাখেন, ‘আপনারা কি আমাদের সঙ্গে আছেন?’ জবাবে উপস্থিত নেতা-কর্মীরা ‘হ্যাঁ’ বলে উত্তর দেন।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে গাড়ি বহর নিয়ে খুলনার দিকে রওনা হয় লংমার্চ।
চট্টগ্রাম ও রংপুরের পর এবার খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ হচ্ছে। গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি সামনে রেখে এই লংমার্চ করছে ১১–দলীয় ঐক্য। অন্য দাবিগুলোর মধ্যে আছে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার বিচার, বিদ্যুৎ–জ্বালানি–গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দুর্নীতি–চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ করা।
লংমার্চে শফিকুর রহমানের সঙ্গে আছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম।







