রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে ঢুকে তার কক্ষে তাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে বাংলাদেশের চিকিৎসাসেবার ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে আখ্যা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে জামায়াত আমির বলেন, “রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে ঢুকে তার কক্ষের ভেতরে তাকে মারধর করা হয়েছে। সূত্র মারফত জানা গেছে, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা মব সৃষ্টি করে এ ঘটনাটি ঘটিয়েছেন।”
তিনি আরও বলেন, “আজকে সকাল ১১টায় আইইডিসিআর (IEDCR)-এ যে ঘটনা ঘটেছে—সমাজের একটি বিশেষায়িত উচ্চশিক্ষিত সমাজেও যদি এই ধরনের মব স্পষ্ট দিবালোকে বেপরোয়াভাবে তৈরি করা হয়, তাহলে ভাবা যায় দেশ কোন পথে?”
ফেসবুক পোস্টে শফিকুর রহমান বলেন, “একটার পর একটা অঘটন ঘটেই চলছে। রাড্ডা মেডিকেল সেন্টার ভাঙচুর ও লুটপাটের ক্ষত এখনও তাজা। সেই অবস্থায় সরকারি দলের চিকিৎসকদের সংগঠন ড্যাব-এর নেতাকর্মীরা আজকে যে ঘটনা ঘটালেন, তা বাংলাদেশের চিকিৎসা সেবার ইতিহাসে এক কালো অধ্যায় রচনা করলেন। এটি নিঃসন্দেহে সীমালঙ্ঘন, ধৃষ্টতা ও অপরাধমূলক কাজ। এর সুষ্ঠু তদন্ত করে এর বিচার হতেই হবে। তা না হলে ভঙ্গুর স্বাস্থ্যসেবা কোনো অবস্থাতেই উঠে দাঁড়াতে পারবে না।”







