মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মস্কোর জ্বালানি সরবরাহ চুক্তির পর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছে প্রথম রুশ ডিজেলবাহী জাহাজ। ৪০ হাজার মেট্রিক টন ডিজেলের এই ট্যাঙ্কারটি আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা রয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) জাহাজ চলাচলের তথ্যের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এলএসইজি শিপিং ডেটা অনুযায়ী, মাল্টার পতাকাবাহী আগিওই ফ্যানেন্দেস গত ২২ অক্টোবর রাশিয়ার প্রিমোর্স্ক বন্দর থেকে যাত্রা শুরু করে। জাহাজটিতে রয়েছে অতি-নিম্ন সালফারযুক্ত ডিজেল।
যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ডিজেলের দাম কমানোর উদ্যোগ হিসেবে চলতি মাসের শুরুতে এ চুক্তির ঘোষণা দেন ট্রাম্প। চুক্তির অংশ হিসেবে রাশিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার কিছু বিধান শিথিল করা হয়েছে। রাশিয়াও ডিজেল রপ্তানিতে নিজেদের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
এর আগে ৯ অক্টোবর ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়া অবিলম্বে যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে তিন লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহ করবে। এরপর নভেম্বরে আরও পাঁচ লাখ টন এবং পরবর্তী সময়ে অতিরিক্ত ১০ লাখ টন ডিজেল পাঠানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
প্রথম ট্যাঙ্কারটি রাশিয়া ছেড়েছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, ‘আমার জানামতে, জ্বালানি মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে রিপোর্ট এসেছে যে প্রথম ট্যাঙ্কারটি ক্রেতাদের উদ্দেশে রওনা হয়েছে। এরপর থেকে নিয়মিত গতিতেই এই সরবরাহ বজায় থাকবে।’
প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে রাশিয়ার তেল ও পেট্রোলিয়াম পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পর দেশটি থেকে যুক্তরাষ্ট্রে এটিই প্রথম তেলজাত পণ্যের চালান হতে যাচ্ছে।
রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, দুই দেশের কোম্পানিগুলোর মধ্যে প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন হলে যুক্তরাষ্ট্রে আরও ডিজেল পাঠানো হবে।







