কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে চুরি মামলার পলাতক আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদক সেবনের অপরাধে দণ্ডিতসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার চুরি মামলার পলাতক আসামি বাদশা মিয়া ( ২৪ ) উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় এলাকার বাসিন্দা। তিনি ব্রাহ্মণপাড়া থানার একটি চুরি মামলায় পলাতক ছিলেন।
এছাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই এলাকায় অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত এমরান হোসেন, তোফায়েল আহমেদ রবিন ও জুয়েল মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।
একই দিনে মাদক সেবনের অপরাধে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর এলাকার মো. মঈন উদ্দীনকে ( ৩৯ ) আটক করা হয়। পরে মাদক সেবনের অভিযোগ স্বীকার করায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. ফারুক হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।







