বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবারও আহ্বায়ক চাই’

Post Image

ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্তির দুই দিন পর দলটির সাবেক আহ্বায়ক মো. আমিনুল হককে আবারও একই পদে দেখতে চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন। সরকারি দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তার রাজনৈতিক দলের কমিটি নিয়ে এমন প্রকাশ্য বক্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্তির কথা জানানো হয়। ওই কমিটির আহ্বায়ক ছিলেন মো. আমিনুল হক এবং সদস্যসচিব ছিলেন মো. মোস্তফা জামান।

এর দুই দিন পর রূপনগর থানার ওসি নোমান হোসেন তাঁর ফেসবুক অ্যাকাউন্টে আমিনুল হককে আবারও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে দেখতে চেয়ে পোস্ট দেন। তাঁর ওই পোস্টের পর সরকারি দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তার রাজনৈতিক দলের সাংগঠনিক বিষয়ে প্রকাশ্য মতামত দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।

পোস্টে তিনি লেখেন, ‘যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্যার একজন সৎ, নীতিবান, আদর্শবান ও পরোপকারী মানুষ। আমরা ঢাকা মহানগর উত্তরের সব জনগণ আবার ঢাকা মহানগর উত্তরের বিএনপির আহ্বায়ক হিসেবে আমিনুল হক স্যারকে দেখতে চাই। ঢাকা মহানগর উত্তরের সব জনগণের চাওয়া একটাই- আমিনুল হক স্যারের বিকল্প নেই। যিনি সরকারি দায়িত্ব শেষ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের জন্য ভোররাত পাঁচটা/ছয়টা পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সব জনগণ আবার আমিনুল হক স্যারকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি হিসেবে দেখতে চায়। সব ভোলাবাসীর ভালোবাসা, দোয়া, সবসময় কাম্য। ভালোবাসি ভোলা জেলার সব মানুষকে।’

ওসির পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য দেখা যায়। একজন সরকারি কর্মচারী হয়ে রাজনৈতিক দলের কমিটি নিয়ে এমন পোস্ট দেওয়ার সমালোচনা করেন অনেকেই। কেউ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আবার কেউ কেউ পোস্টটির পক্ষে মন্তব্যও করেন।

এ বিষয়ে রূপনগর থানার ওসি নোমান হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

তবে এ বিষয়ে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, ‘রূপনগর থানার ওসির স্ট্যাটাসটি আমি দেখেছি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। এটি তদন্ত করা হচ্ছে। তিনি দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে ঘটনার বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হতে পারে এমন তথ্য পাওয়ার পর শনিবার (৩ অক্টোবর) বিকেলে ওসি নোমান তার ফেসবুকের পোস্টটি মুছে দেন বলে জানা গেছে। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংবাদকর্মীদের কাছে ওই পোস্টের তথ্য-প্রমাণ রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ফ্যাসিবাদ শেষ হলেও জান্নাতবাদ শেষ হয়নি: গয়েশ্বর চন্দ্র

বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবারও আহ্বায়ক চাই’

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

মেজর আখতারুজ্জামান-সালমানের ঘটনায় সরকার প্রতিবাদকারীদের ওপর খড়গহস্ত

‘৫টা থেকে অভিযান আছে’— থানায় বসে মাদক ব্যবসায়ীকে কল বিএনপি নেতার

দেশের অবস্থা ভালো নেই, জনগণও কষ্টে আছে : জামায়াত আমীর

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে: গোলাম পরওয়ার

বিদ্যুৎ-গ্যাস ও জ্বালানি সংকট নিরসনসহ ১০ দফা প্রস্তাব জমিয়তের

সর্বাধিক পঠিত

টেকনাফ থেকে তেঁতুলিয়া পদযাত্রায় ফাহিম মুনতাসির

নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ চায় বিএনপি: সাদিক কায়েম

হজ পালনের উদ্দেশে জামায়াত আমির ঢাকা ছাড়বেন কাল

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শিবির কর্মীকে মারধর করে চরমনাই, আটক ৪

নারী আসনে জুলাই শহীদ জাবিরের মাকে মনোনয়ন দিচ্ছে জামায়াত

ঈশ্বরদী সরকারি কলেজে শিবির-ছাত্রদলের তুমুল সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর

ক্ষোভে নবগঠিত ছাত্রদলের কমিটি থেকে ৩ নেতার পদত্যাগ

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

সংবিধান সংস্কার পরিষদের শপথ ছাড়া সরকার গণবিরোধী

অবশেষে এনসিপিতেই যোগ দিলেন আসিফ মাহমুদ