দেশের অবস্থা ভালো নেই এবং জনগণও কষ্টের মধ্যে আছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শনিবার সকালে কাকরাইলের আইডিইবি ভবনে আয়োজিত জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এ সম্মেলনের আয়োজন করে।বাংলাদেশের অর্থনীতি
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ভালো নেই, মানুষ ভালো নেই। মানুষের নিরাপত্তা নেই। কাকে কখন বেইজ্জতি করা হবে, তারও ঠিক নেই।
এ সময় তিনি সংসদে কোরআন-হাদিসবিরোধী আইন পাস করা হয়েছে বলেও অভিযোগ করেন।
মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে জামায়াতে ইসলামীর আমীর বলেন, দেশে কওমি মাদ্রাসা ও আলিয়া মাদ্রাসা রয়েছে। এসব মাদ্রাসায় কোনো ত্রুটি থাকলে ‘কলেজ-বিশ্ববিদ্যালয়ে বেশি আছে’—এমন কথা বলে সেগুলোর সঙ্গে তুলনা করা যাবে না।
আলেমদের সতর্ক করে তিনি আরও বলেন, দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়। মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকেও অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়। ‘সাদা কাপড়ে বেশি দাগ লাগে। তাই আমাদের সতর্ক হতে হবে।’







