অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আজ শনিবার বিকেল সোয়া ৫টার দিকে তার নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে ওই অভিযানের একটি ভিডিও আপলোড করেন তিনি। বিষয়টি নিয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়।
ভিডিওতে দেখা যায়, নিজের নির্বাচনী এলাকা ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইন-সংলগ্ন বস্তিতে মাদকের আস্তানায় আকস্মিক অভিযানে যান তিনি। এ সময় গাড়ি থেকে নেমেই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ইশরাক চিৎকার করে বললেন, ‘এই ধর ধর ধর...।’ তার পাশ থেকে একজনকে বলতে শোনা গেল, ‘একেবারে গুলি করে দেব।’
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে থাকা দেহরক্ষীরা কয়েকজনকে দৌঁড়ে ধরার চেষ্টা করেন। তাদের মধ্যে একজনকে লাথিও দেন এক দেহরক্ষী।
এ বিষয়ে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির গণমাধ্যমকে বলেন, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছয়জনকে আটক করে থানায় ফোন দেন। পরে পুলিশ সদস্যরা গিয়ে তাদের নিয়ে আসেন। ওসি আরও বলেন, আটক ব্যক্তিদের কাছে সাদা পাউডারজাতীয় পদার্থ পাওয়া গেছে। সেগুলো হেরোইন কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
এর আগে গত ৬ অক্টোবর ঢাকা-৬ এলাকার বিভিন্ন পয়েন্টে সমন্বিত মাদকবিরোধী তৎপরতা চালাতে দেখা যায় ইশরাক হোসেনকে। অভিযানকালে স্পটেই মাদক কারবারে জড়িতদের হাতেনাতে ধরে তাদের আস্তানা গুঁড়িয়ে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসময় প্রতিমন্ত্রী জানান, গেন্ডারিয়া, মুন্সিরটেক ও ঘুন্টিঘরসহ সংলগ্ন এলাকায় মাদক সিন্ডিকেটের শিকড় উপড়ে ফেলতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।







