রাজধানীর শান্তিনগর পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে শান্তিনগর পুলিশ বক্সের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়।
খবর পেয়ে রমনা থানা ও পল্টন মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দুই থানার সীমানাসংলগ্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটায় উভয় থানার পুলিশ সেখানে উপস্থিত হয়। পরে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ সংগ্রহ করে রাখা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি যে থানার আওতাধীন এলাকায় ঘটেছে, সেই থানার তত্ত্বাবধানে বিস্তারিত তদন্ত করা হবে।
ককটেল বিস্ফোরণের তথ্যটি জানিয়েছেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম ও রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মিয়া।







