কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে ইউনিয়নের নলচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন উদ্ধার করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
আহতদের মধ্যে রয়েছেন ইউনিয়ন ছাত্রদল নেতা মো. শহিদুল্লাহ (২০), যুবদল নেতা মো. ওয়াসিম প্রধান (৪০), ছালমা আক্তার (২৫), জয়মালা আক্তার (৫০), শরুফা আক্তার (৪৫) ও চালিভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল সরকার (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নলচর গ্রামের বাসিন্দারা বৈঠক করে যুবদল নেতা রবিউল্লাহ রবিকে চেয়ারম্যান পদে গ্রামের একক প্রার্থী হিসেবে চূড়ান্ত করেন। ওই বৈঠকে ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও একই গ্রামের বাসিন্দা মো. বারেক প্রধানও রবিউল্লাহ রবিকে সমর্থন করেন।
পরে বারেক প্রধান নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করলে এ নিয়ে রবি ও বারেকের অনুসারীদের মধ্যে বিরোধ তৈরি হয়। সোমবার রাতে বারেক প্রধানের ছেলে মহসিন রবিউল্লাহ রবির সমর্থকদের ধাওয়া করেন বলে অভিযোগ রয়েছে।
এর জেরে মঙ্গলবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে টেঁটাযুদ্ধ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, যুবদল নেতা রবিউল্লাহ রবি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পুনর্বাসন করছেন। তবে এ অভিযোগের বিষয়ে রবিউল্লাহ রবির বক্তব্য পাওয়া যায়নি।
চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, চেয়ারম্যান প্রার্থী ঘোষণা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষের বিরুদ্ধেই একাধিক মামলা বিচারাধীন রয়েছে। অভিযোগের বিষয়ে জানতে মো. বারেক প্রধান ও রবিউল্লাহ রবির মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁরা সাড়া দেননি।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।







