মধ্যপ্রাচ্যে পাঠানো যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরিতে দীর্ঘ সময় দায়িত্ব পালনের সময় আটজন সেনাসদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ তথ্য স্বীকার করেছে। বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে ডেমোক্রেটিক সিনেটর কারস্টেন গিলিব্র্যান্ডের প্রশ্নের জবাবে দেশটির ভারপ্রাপ্ত নৌমন্ত্রী (সেক্রেটারি) হাং কাও একটি চিঠি দিয়েছেন। এএফপির হাতে আসা ওই চিঠিতে আত্মহত্যার চেষ্টার এই তথ্য উঠে এসেছে।
ইউএসএস আব্রাহাম লিংকন গত বছরের নভেম্বরে সমুদ্রে যাত্রা শুরু করে। কোথাও না ভিড়ে টানা ২৮৬ দিন রণতরিটি সমুদ্রে থাকে। এরই মধ্যে জাহাজটিতে জীবনযাপনের পরিবেশের অবনতি এবং নাবিকদের মানসিক স্বাস্থ্যের অবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব খবর ব্যাপক আলোচনার জন্ম দেয়। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ নিয়েও সমালোচনা হয়।
নৌবাহিনীর শীর্ষ বেসামরিক কর্মকর্তা নৌসচিব হাং কাওয়ের চিঠিতে বলা হয়েছে, রণতরির বহরটি মোতায়েনের পর থেকে পুরো স্ট্রাইক গ্রুপে মোট আটজন আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে ওই মিশন চলাকালে রণতরিতে আত্মহত্যা করে কোনো সেনাসদস্যের মৃত্যু হয়নি।
চিঠিতে আত্মহত্যার চেষ্টার দুটি ঘটনাও তুলে ধরা হয়েছে। এর একটি ঘটে গত আগস্টের শুরুতে। রণতরির বিমানবহরে দায়িত্ব পালন করা এক নাবিক জাহাজ থেকে সাগরে পড়ে যান। দ্রুত তাঁকে খুঁজে বের করে একটি অনুসন্ধান ও উদ্ধারকারী হেলিকপ্টার। পরে চিকিৎসার জন্য তাঁকে জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়।
আরেক নাবিক গত মার্চে জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। তাঁর সহকর্মীরা তাঁকে থামিয়ে দেন। পরে তাঁকে নিজ ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়।
আব্রাহাম লিংকন ২০২৫ সালের নভেম্বরে ক্যালিফোর্নিয়া থেকে দক্ষিণ চীন সাগরের উদ্দেশে যাত্রা করে। পরে সেটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর আগে রণতরিটির গতিপথ পরিবর্তন করা হয়।
শেষ পর্যন্ত ২৮৬ দিন সমুদ্রে থাকার পর চলতি মাসের শুরুতে রণতরিটি থাইল্যান্ডে থামে। গত আগস্টে সেনাদের পরিবার ও আইনপ্রণেতারা রণতরিটির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আত্মহত্যার চেষ্টা ছাড়াও গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যা, খাবারের ঘাটতি ও অপরিচ্ছন্নতার অভিযোগ ওঠে। তবে সে সময় এসব অভিযোগ নাকচ করেছিলেন ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও বলেছিলেন, রণতরিটির পরিস্থিতি নিয়ে যে চিত্র তুলে ধরা হয়েছে, তা সঠিক নয়।







