নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ তিন ঘণ্টার একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বৈঠকটি অত্যন্ত ‘ভালো’ ও ‘ফলপ্রসূ’ হয়েছে। যা প্রায় সাত মাস ধরে চলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামানোর ক্ষেত্রে এই সরাসরি আলোচনা একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। খবর আল আরাবিয়ার।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, খুব দ্রুতই দুই পক্ষের মধ্যে আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবর অনুযায়ী, বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন দূত উইটকফের সঙ্গে আলোচনা করেছেন।
ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অনুরোধেই এই বৈঠক হয়। আর হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে নিজেদের দাবিগুলো জানাতেই তেহরান বৈঠকে যোগ দেয়।







