হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে ইরানের শর্ত মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা দিয়েছে তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই এ তথ্য জানিয়েছেন। খবর সামা টিভির।
রেজাই বলেন, জাতিসংঘের বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্তগুলো তুলে ধরা হয়েছে। ওয়াশিংটন এসব শর্ত মেনে না নিলে হরমুজ প্রণালি বন্ধ থাকবে। শর্ত গ্রহণের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় পরিসরে কোনো আলোচনা হবে না বলেও জানান তিনি।
ইরানের এই কর্মকর্তা বলেন, আগের কূটনৈতিক অবস্থান বা ইসলামাবাদ সমঝোতা স্মারকে থাকা শর্তে আর ফিরে যাবে না তেহরান। রেজাই বলেন, ‘আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। আমরা যে নতুন কূটনৈতিক পথ গ্রহণ করেছি, তা পূর্ণ শক্তিতে সামনে এগিয়ে যাবে।’ তিনি আরও বলেন, ইরানের জনগণের আস্থা অর্জনের দায়িত্ব এখন যুক্তরাষ্ট্রের।
এদিকে ইরানের ফ্লাইট চলাচলে বাধা দিতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করার জন্য প্রতিবেশী দেশগুলোর প্রতি সতর্কবার্তা দিয়েছেন রেজাই। তাঁর হুঁশিয়ারি, কোনো দেশ ইরানি বিমান চলাচলে বাধা দিলে ইরানও ওই দেশগুলোর বিমানবন্দর অচল করে দেওয়ার ব্যবস্থা নেবে।







