মাত্র সাত মাসের সরকার ১৫ বছরের শাসনের মতোই দলীয়করণ ও একতরফা সিদ্ধান্তের পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ করেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, রাষ্ট্রের প্রতিটি স্তরে দলীয়করণের যে ‘বিষবৃক্ষ’ রোপণ করা হচ্ছে, এর ‘বিষফল’ সরকারকেই ভোগ করতে হবে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পূর্বের উপাচার্যকে সরিয়ে আকস্মিকভাবে নতুন উপাচার্য নিয়োগের পর শিক্ষার্থীদের তাৎক্ষণিক বিক্ষোভ সরকারের জন্য কঠোর বার্তা দিচ্ছে—‘যদি তাদের বোধোদয় হয়।’
চুয়েটে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সায়েম দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় তাঁকে সরানোর সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা সোমবার রাতে বিক্ষোভ করেন এবং উপাচার্য ভবনে তালা দেন।
সাদ্দাম আরও বলেন, ‘ক্ষমতার দম্ভ, একগুঁয়েমি ও প্রকাশ্য দলীয়করণ দিয়ে রাষ্ট্র চালানো যায় না।’ জনগণ ও শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে সিদ্ধান্ত চাপিয়ে দিলে প্রতিরোধ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারকে সতর্ক করে ছাত্রশিবির সভাপতি বলেন, সময় থাকতে সতর্ক না হলে দলীয়করণের এই ‘আগুন’ একসময় সরকারের ক্ষমতার ভিতকেই পুড়িয়ে দিতে পারে।







