ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনে ১১-দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম মনোনয়নপত্রটি তাঁর কাছে হস্তান্তর করেন। এ সময় নির্বাচন কমিশনের নতুন নিয়ম-কানুন ও সংশ্লিষ্ট বিধিবিধান সম্পর্কে মনোনয়ন সংগ্রহকারীদের অবহিত করা হয়। পাশাপাশি আসন্ন সংসদ উপনির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের ক্ষেত্রে জামায়াতের সহযোগিতা কামনা করা হয়।
মনোনয়নপত্র সংগ্রহের সময় জেলা জামায়াতের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মাওলানা সোলায়মান হোসেন, জামায়াত নেতা সাইফুল ইসলামসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, দেলাওয়ার হোসেন এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি। এছাড়া তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।







