লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি হওয়া একটি গরু ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলুর গোয়ালঘর থেকে উদ্ধার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নলছারা এলাকা থেকে একটি গরু চুরি যাওয়ার পর মালিকপক্ষ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলুর গোয়ালঘরে গরুটির সন্ধান পাওয়া যায় বলে স্থানীয়রা জানান।
বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় শুরু হয় আলোচনা-সমালোচনা। স্থানীয়দের দাবি, একজন রাজনৈতিক দলের পদধারী নেতার গোয়ালঘর থেকে চুরি যাওয়া গরু উদ্ধারের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন। গরুটি সেখানে কীভাবে গেল এবং এর সঙ্গে কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানান তারা।
ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম মজুমদার বলেন, “আমি বিষয়টি জানতে পেরেছেন। দলের নিয়মনীতি অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তবে গরুটি কীভাবে দেলুর গোয়ালঘরে গেল কিংবা চুরির ঘটনায় দেলোয়ার হোসেনের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না—এ বিষয়ে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা বলছেন, অভিযোগের প্রকৃত সত্যতা এবং গরুটি সেখানে যাওয়ার কারণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত প্রয়োজন।







