বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন সরকারের যেকোনো অযৌক্তিক সিদ্ধান্তের পক্ষ নেওয়াই হচ্ছে ছাত্রদলের সাংগঠনিক শৃঙ্খলা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন। চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে প্রতিবাদ করায় তাকে শোকজ করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এটা ঘটনাকে কেন্দ্র করে ডাকসু নেতা এসব কথা বলেন।
তিনি বলেছেন, ‘ছাত্রদল দলীয় লেজুড়বৃত্তিকেই ‘সাংগঠনিক শৃঙ্খলা’ হিসেবে চর্চা করে।’
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে রায়হান উদ্দীন লেখেন, “জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদ করার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকে শোকজ করেছে ছাত্রদল। কারণ দর্শানোর নোটিশে লেখা হয়েছে, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ।’ সরকারের যেকোনো অযৌক্তিক সিদ্ধান্তের পক্ষ নেওয়াই যেন ছাত্রদলের সাংগঠনিক শৃঙ্খলা।
তিনি আরও বলেন, “অর্থাৎ, ছাত্রদল দলীয় লেজুড়বৃত্তিকেই ‘সাংগঠনিক শৃঙ্খলা’ হিসেবে চর্চা করে। যে দলের নেতাকর্মী হয়ে জনমানুষের মৌলিক দাবির পক্ষে কোনো কথা বলা যায় না, সেই দল করে মানুষের জন্য কাজ করার চিন্তা করা তো দূর কি বাত। সবার আগে বিএনপি।”
জানা যায়, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। সংগঠনের পক্ষ থেকে তার ওই পোস্টকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ হিসেবে উল্লেখ করে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল ২০ সেপ্টেম্বর সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ সেপ্টেম্বর থেকে ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা দরে বিক্রি হবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ বেড়ে যাওয়ায় এ মূল্য সমন্বয় করা হয়েছে।







