বাম গণতান্ত্রিক ছাত্র জোট থেকে ২০২৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পরাজিত ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমিকে প্রথমে ফ্যাসিবাদবিরোধী শক্তি মনে করলেও এখন তাকে ‘অরিজিনাল গুপ্ত আওয়ামী লীগ’ মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন তৃণমূল এনসিপির আহ্বায়ক মুনতাসির মাহমুদ।
তিনি বলেছেন, ‘খুনী হাসিনার ফ্যাসিবাদকে যে বা যারাই ভালো বলে, সেসব দেশদ্রোহীকে আমি সন্দেহ করি। আমাকে গতকালও একজন বললো, ভাই, আগেই ভালো ছিলাম, বিএনপি আওয়ামী লীগকে ছাড়াইয়া গেছে।’
শনিবার (২০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে মুনতাসির মাহমুদ লেখেন, “শেখ ইমি। দ্যা অরিজিনাল গুপ্ত। ফ্যাসিবাদী আমলে আমরা ভাবতাম ইমি আসলেই ফ্যাসিবাদবিরোধী শক্তি। কিছু ইস্যুতে একসাথে রাজপথেও ছিলাম। কিন্তু আসলে যে এই মহিলা গুপ্ত আওয়ামী লীগ, সেটা এখন পরিষ্কার।”
তিনি বলেন, “খুনী হাসিনার ফ্যাসিবাদকে যে বা যারাই ভালো বলে, সেসব দেশদ্রোহীকে আমি সন্দেহ করি। আমাকে গতকালও একজন বললো, ভাই, আগেই ভালো ছিলাম, বিএনপি আওয়ামী লীগকে ছাড়াইয়া গেছে। আমি সাথে সাথে ধমক দিয়ে থামালাম। আমাকে আওয়ামী লীগ চিনানো লাগবে না।”
তিনি আরও বলেন, “বিএনপির সমালোচনা করি, কারণ জুলাইয়ের পর প্রত্যাশা বেশি। এই সুযোগে গুপ্ত ইমি বলতেছে, বাংলাদেশের আইনশৃঙ্খলার জন্য নাকি শেখ হাসিনাই একমাত্র পারফেক্ট। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ। কিন্তু সেটা আওয়ামী লীগের সঙ্গে তুলনাযোগ্য না।”
সবশেষে মুনতাসির মাহমুদ বলেন, “বিএনপির সমালোচনা করতে গিয়ে গণহত্যাকারী আওয়ামী লীগ টেনে আনা দেশদ্রোহীদের ছাড় দেওয়া যাবে না। শেখ ইমির বিরুদ্ধে যথাযথ তদন্ত করা হোক। নিশ্চিত ভারত থেকে পাঠানো আওয়ামী লীগের অবৈধ টাকা বের হয়ে আসবে। অবশ্য খুব বেশি না, এদের কিনতে বেশি টাকা লাগে না।”
প্রসঙ্গত, শেখ তাসনিম আফরোজ ইমি ২০১৯ সালের ডাকসু নির্বাচনে শামসুন্নাহার হল সংসদের ভিপি নির্বাচিত হন। পরবর্তী সময়ে তিনি বিভিন্ন ছাত্র আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ছিলেন।







