রংপুর অভিমুখী লংমার্চের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ১১ দলীয় ঐক্য। সহস্রাধিক গাড়ি নিয়ে আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে রংপুরের উদ্দেশে যাত্রা করবে এই বহর। এদিন সকাল ৭টায় রাজধানীর ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউয়ে সমাবেশ শুরু হবে এবং সকাল ৮টায় টঙ্গী-গাজীপুর-টাঙ্গাইল হয়ে রংপুরের পথে যাত্রা করবে লংমার্চ।
আজ শুক্রবার দুপুরে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চের ব্যাপক প্রস্তুতি চলছে। এই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে কোনো ধরনের বাধা সৃষ্টি না করে সহযোগিতা করার জন্য সরকার, প্রশাসন, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। গোলাম পরওয়ার বলেন, ‘সরকারের প্রতি আবেদন যে, এই সুশৃঙ্খল শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধার সৃষ্টি বা অন্তরায় সৃষ্টি করা না হয়।
লং মার্চে অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা এই লং মার্চের যাত্রীদের ১১ দলের নেতাকর্মীদের কাছে অনুরোধ করেছি, কোনো উসকানির মুখে চরম ধৈর্য এবং সংযমের পরাকাষ্ঠা দেখিয়ে আমাদের এই গণতান্ত্রিক কর্মসূচিকে আমরা সফল করব। আমরা কারও উসকানিতে পা দেব না। আমরা যদি একটু ক্ষতিগ্রস্ত হই, আমাদের গায়ে যদি একটা আঘাতও লাগে, আমরা তার প্রতিশোধের চেয়ে মনে করি, একটা আঘাতকে হলেও এই লং মার্চ সফল করার মধ্যে আমাদের সার্থকতা সবচেয়ে বেশি।’
এ সময় বিএনপি, ক্ষমতাসীন দল, সরকার, প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, গোয়েন্দা সংস্থা, ট্রাফিক বিভাগ, সড়কপথের সংশ্লিষ্ট ব্যক্তি, ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার ও পরিবহনসংশ্লিষ্টদের লং মার্চে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, ‘এত বড় কর্মসূচি, হাজার হাজার লোকের এই বহর, যেখানে সহস্রাধিক গাড়ি থাকবে, দিনের নিত্যদিনের কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য, যানবাহন চলাচলে হয়তো অনেকের কিছুটা ক্ষতিগ্রস্ত হতে হবে, কিছু ভোগান্তি হয়তো হবে। আমরা আবারও তাদের কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখ প্রকাশ করছি।
তিনি আরও বলেন, ‘গণতন্ত্র, দেশ, জাতি, জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য, জনস্বার্থের প্রয়োজনে এ দেশে যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সেইসব আন্দোলনে এ দেশের অনেক শ্রেণি-পেশার মানুষ অনেক কষ্ট স্বীকার করেছে, অনেক দুর্ভোগ-ভোগান্তি আমরা অনেক সময় মেনে নিয়েছি।’







