২০২৬ সালের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি গঠিত হয় গত বছরের ২৬ ডিসেম্বর। এই কমিটিতে সভাপতি হন পূর্বে সেক্রেটারির দায়িত্ব পালন করা নূরুল ইসলাম সাদ্দাম। তার আগে, সভাপতি ছিলেন জাহিদুল ইসলাম। এ সভাপতির পদ থেকে বিদায় নেওয়ার পর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি থানা শাখায় কাজ করছেন বলে জানা গেছে।
এমতাবস্থায়, তাকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের রাজনৈতিক সচিবের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ও জামায়াতপন্থি লেখক মোহাম্মদ ওয়ালিউদ্দিন তানভীর।
গতকাল শনিবার (১১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব আহ্বান জানান জানান।
মোহাম্মদ ওয়ালিউদ্দিন তানভীরের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো:
“শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিরপুরের একটি থানায় সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
একান্তই আমার ব্যক্তিগত মত ও পর্যবেক্ষণ—আমি তাঁকে আমীরে জামায়াতের রাজনৈতিক সচিব হিসেবে দেখতে চাই।
এর পেছনে আমার একটা বিশেষ কারণ আছে। আমার মনে হয়, জামায়াতের রাজনীতিতে নতুন প্রজন্মের সঙ্গে আরও নিবিড়, স্বাভাবিক ও কার্যকর যোগাযোগ গড়ে তোলা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাহিদুল ইসলাম ভাইয়ের মতো তরুণ প্রজন্মের মনস্তত্ত্ব, ভাষা ও রাজনৈতিক আকাঙ্ক্ষা সম্পর্কে ধারণা থাকা একজন ব্যক্তি আমীরে জামায়াতের রাজনৈতিক সচিব হিসেবে কাজ করলে আমীরে জামায়াতের সঙ্গে তরুণ প্রজন্মের যোগাযোগ যেমন আরও সহজ হতে পারে, তেমনি দলটির সঙ্গে নতুন প্রজন্মের রাজনৈতিক সংযোগও আরও মসৃণ ও শক্তিশালী হতে পারে।
অবশ্যই কে কোথায় দায়িত্ব পালন করবেন, সেটি সম্পূর্ণভাবে সংগঠনের নিজস্ব সিদ্ধান্ত ও বিবেচনার বিষয়। আমি কেবল বাইরে থেকে আমার একটি ব্যক্তিগত পর্যবেক্ষণ বললাম।
আর কথাটা সোশ্যাল মিডিয়ায় কেন বললাম? খুব সহজ কারণে—হয়তো এভাবে বললে কথাটা জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের কারও কাছে পৌঁছাবে। অন্তত বিবেচনার টেবিলে একটি মতামত হিসেবে থাকুক।”







