ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লি) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আবারও দেলাওয়ার হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। একই সঙ্গে ১১ দলীয় জোটের পক্ষ থেকেও তাকে এ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়। দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম এ ঘোষণা দেন।
দেলাওয়ার হোসেন বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে ছিলেন।
এর আগে গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেলাওয়ার হোসেন।
প্রার্থী ঘোষণার অনুষ্ঠানে মাওলানা আব্দুল হালিম বলেন, জনগণের মতামত প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নির্বাচন গুরুত্বপূর্ণ মাধ্যম। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে জামায়াতে ইসলামী বিভিন্ন নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি জানান, কেন্দ্রীয় পর্যায়ে ১১ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দেলাওয়ার হোসেনকে জোটের মনোনীত প্রার্থী করা হয়েছে।







