ময়মনসিংহের বৈরাটি সিনিয়র আলিম মাদরাসায় দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ১২ জন শিক্ষার্থীর পাঠদানের দায়িত্বে ছিলেন ২০ জন শিক্ষক। অথচ শিক্ষার্থীদের মধ্যে কেউই পাস করতে পারেনি। সোমবার (১০ আগস্ট) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়।
ফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে বৈরাটি সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মো. শাহজাহান বলেন, ‘শিক্ষার্থীরা নিয়মিত মাদরাসায় আসেনি। তারা চেষ্টা করেছেন। তবে মাদরাসাটিতে আগে শিক্ষক সংকট ছিল এবং অবকাঠামোও জরাজীর্ণ। সম্প্রতি শিক্ষক নিয়োগ হয়েছে। আগামী বছর থেকে ভালো ফলাফলের জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।’
এদিকে মাদরাসাটিতে শিক্ষক সংখ্যা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং ফল বিপর্যয়ের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলামের বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
এমন ফলাফলে সচেতন মহল ও অভিভাবকদের মধ্যে প্রশ্ন উঠেছে, একটি প্রতিষ্ঠানে ২০ জন শিক্ষক থাকার পরও দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ১২ জন শিক্ষার্থীর সবাই কেন অকৃতকার্য হলো?
শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি যদি ফল বিপর্যয়ের অন্যতম কারণ হয়ে থাকে, তাহলে তাদের নিয়মিত শ্রেণিকক্ষে আনা এবং পড়াশোনায় মনোযোগী করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির কার্যকর উদ্যোগ কতটা ছিল, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।







