কাঙ্ক্ষিত ফলাফলে ড্রামের তালে তালে উচ্ছ্বসিত ভিকারুননিসা স্কুলের ছাত্রীরা

Post Image


এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর সহপাঠীদের সঙ্গে বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ড্রামের তালে তালে নেচে-গেয়ে ভালো ফলাফলের সাফল্য উদযাপন করেন তারা। অভিভাবকরাও একে অন্যকে মিষ্টি খাইয়ে সন্তানদের সফলতার খুশি ভাগাভাগি করে নেন।

সোমবার সকাল ১০টায় ফল প্রকাশের পর অনলাইনে রেজাল্ট দেখার পাশাপাশি ফলাফল জানতে শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকে প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে ভিড় করেন। ফল প্রকাশের পর স্কুল ও কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি বাড়তে থাকে। অনলাইনে ফলাফল দেখতে কিছুটা সময় লাগায় দ্রুত ফল জানতে অনেকে প্রতিষ্ঠানে ছুটে আসেন।

ফল জানতে আসা ইকবাল হোসেন বলেন, ‘বাসায় ইন্টারনেট স্লো। তাই কলেজে এসেছি। এখানে সবার সঙ্গে একত্রে মেয়ের ফল দেখার ইচ্ছা থেকেই ছুটে এসেছি।’

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী নার্গিস জুঁই। অনলাইনে ফলাফল দেখার পর জিপিএ-৫ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘আমি ভালো রেজাল্ট করার জন্য অনেক কষ্ট করেছি। রাত জেগে পড়াশোনা করতাম, দিনের বেলাও দুপুরে না ঘুমিয়ে পড়াশোনা করেছি। আমার আম্মুও রাত জেগে বসে থাকতেন আমার সঙ্গে। আমি জিপিএ-৫ পাওয়ায় আব্বু-আম্মু অনেক খুশি হয়েছেন। তাদের খুশি করতে পেরেছি, আমার অক্লান্ত পরিশ্রম কাজে লেগেছে—এ জন্য ভীষণ ভালো লাগছে। ভবিষ্যতেও এই ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’

ফল প্রকাশের আগে দুশ্চিন্তায় ছিলেন আরেক শিক্ষার্থী নাবিলা জান্নাত। এই শিক্ষার্থীর ভাষ্য, ‘উচ্চতর গণিতে ইংলিশ মিডিয়ামের প্রশ্নপত্রের ১২ নম্বরটি ভুল ছিল। আমার প্রত্যাশা ছিল জিপিএ-৫। এখন ফলও ভালো হয়েছে। আমি আমার ফলাফলে অনেক অনেক খুশি।’

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, ‘আপাতত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকেই এইচএসসি শেষ করতে চাই। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখি।’

ফলাফল পাওয়ার পর মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন আরেক শিক্ষার্থী আর্শি আলমগীর খান। পরে নিজের ফল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘নিয়মিত পড়াশোনা করেছি। আমার জিপিএ-৫ এসেছে। সবার প্রথমে সৃষ্টিকর্তা, এরপর বাবা-মা ও শিক্ষকদের অবদান রয়েছে। আমার চেষ্টা আর তাদের সহযোগিতা পেয়েছি বলেই এমন আশানুরূপ ভালো রেজাল্ট করতে পেরেছি।’

মেয়ের জিপিএ-৫ পাওয়ায় আনন্দ প্রকাশ করে রাহির মা মনিরা বেগম বলেন, ‘আলহামদুলিল্লাহ। ওর জিপিএ-৫ এসেছে। পরবর্তী পরীক্ষাগুলোর রেজাল্টও ভালো হোক এবং মানবিক মানুষ হিসেবে গড়ে উঠুক—সৃষ্টিকর্তার কাছে এই দোয়াই করি।’

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ফলে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।

সর্বশেষ খবর

চট্টগ্রাম বোর্ডের ৮ বিদ্যালয়ে কেউ পাস করেনি

শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে গেলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি

রাজশাহী ক্যাডেট কলেজের সব শিক্ষার্থী পেল জিপিএ-৫

কাঙ্ক্ষিত ফলাফলে ড্রামের তালে তালে উচ্ছ্বসিত ভিকারুননিসা স্কুলের ছাত্রীরা

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

দাখিল পরীক্ষায় এবার ২২৬ মাদ্রাসার সবাই ফেল

এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

সর্বাধিক পঠিত

ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীকে জকসুর ঈদ উপহার

অভিন্ন প্রশ্নে নেওয়া হবে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

৫ শর্তে ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক আলমোজাদ্দেদী

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নিতে চায় সরকার : শিক্ষামন্ত্রী

দীর্ঘ ৩৮ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ

এসএসসির ফল প্রকাশ এগিয়ে আনার প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের কোনো সুযোগ নেই : আমির খসরু

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দুঃখ প্রকাশ

পরীক্ষার্থীদের সাফল্য কামনা বিরোধীদলীয় নেতার