জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন এবং জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করার দাবিতে নওগাঁয় গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট।
শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় মডেল মসজিদ চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা জামায়াতের আমির আব্দুর রাকিব। পরিচালনা করেন নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট এ এস এম সায়েম, আমার বাংলাদেশ পার্টির (এবিপি) নওগাঁ জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট কাজী আতিকুর রহমান, এনসিপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব সোহাগ, বাংলাদেশ খেলাফত মজলিসের নওগাঁ জেলা সাধারণ সম্পাদক মুফতি ইসরাফিল আলম, খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মুশফিকুর রহমান, এলডিপি নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহেনশাহ এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি আজফারুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই গণমিছিলের আয়োজন করা হয়েছে। তারা অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গণভোটের রায় উপেক্ষা করে জাতির সঙ্গে প্রতারণা করছে। বক্তাদের দাবি, দুই বছর আগে সংঘটিত জুলাইয়ের হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের বিচার এখনো দৃশ্যমানভাবে এগিয়ে নেওয়া হয়নি এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও জনগণের সঙ্গে টালবাহানা করা হচ্ছে।
বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় আগামীতে বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।







