‘হাসিনা আসলে প্রোফাইল লালকারীদের কালো করে ছাড়বে’
শেখ হাসিনা আবারও যদি ফিরে আসে, যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবনটা কালো করে ছাড়বে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি।
বিরোধী দলের উদ্দেশ্যে রেহানা আক্তার রানু বলেন, এই সরকারের ৪ মাস। বিরোধী দল বলছে আরেকটি আন্দোলনের জন্য প্রস্তুত হতে। আমি ওনাদের বলতে চাই, আপনারা আমাদের প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন, তাকে সহযোগিতা করুন। আপনাদের অনেকের কারণে আবারও যদি দানব হাসিনা আল্লাহ না করুক— ফিরে আসে, যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবনটা কালো করে ছাড়বে।
কিছুদিন আগে ‘আয়নাঘর’ দেখেছি, সেখানে একটি চেয়ার দেখেছি। ওই চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো। আমার দাবি, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।







