২০২৬–২৭ অর্থবছরের জন্য রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) পেয়েছে ৯৬ কোটি ৩৩ লাখ টাকার বাজেট বরাদ্দ। দেশের পাঁচটি পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ বরাদ্দই সর্বনিম্ন।
সম্প্রতি অনুমোদিত নতুন অর্থবছরের বাজেট অনুযায়ী, দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) জন্য মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা এবং ইউজিসির জন্য ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা।
অনুমোদিত বাজেটের মধ্যে পরিচালন (রাজস্ব) খাতে বরাদ্দ রাখা হয়েছে ৭ হাজার ৪২৮ কোটি ৪৩ লাখ টাকা। এছাড়া ৪৩টি উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৪ হাজার ৫৭৩ কোটি ৩৯ লাখ টাকা।
ইউজিসির তথ্য অনুযায়ী, প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ ২৮০ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দ পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এরপর রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), যার বরাদ্দ ১২৭ কোটি ৪৫ লাখ টাকা। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) পেয়েছে ১১০ কোটি ৪০ লাখ টাকা, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ৯৭ কোটি ৬ লাখ টাকা এবং রুয়েট পেয়েছে ৯৬ কোটি ৩৩ লাখ টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই রুয়েট বিভিন্ন খাতে বাজেট ও জনবল সংকটের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। বিশেষ করে নিরাপত্তা, পরিবহন এবং প্রশাসনিক কার্যক্রম সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে প্রয়োজনীয় জনবল না থাকায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় নানা ধরনের সীমাবদ্ধতা তৈরি হচ্ছে।
নতুন অর্থবছরে তুলনামূলক কম বরাদ্দ পাওয়ায় শিক্ষার্থীদের একাংশ উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, ক্রমবর্ধমান শিক্ষার্থী সংখ্যা, অবকাঠামোগত সম্প্রসারণ, গবেষণা কার্যক্রম এবং প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের জন্য আরও বড় বাজেট বরাদ্দ প্রয়োজন ছিল।
শিক্ষার্থীরা আশা করছেন, রুয়েটের সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, গবেষণা কার্যক্রমের বিকাশ এবং দীর্ঘদিনের জনবল সংকট নিরসনের লক্ষ্যে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়টির জন্য বরাদ্দ বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।







