২ মাসে স্কলারশিপ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী

Post Image

গত দুই মাসে বিশ্ববিদ্যালয়ের প্রায় বিশ জন শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য স্কলারশিপ ও ফেলোশিপ পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের মধ্যে কেউ পেয়েছেন সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, কেউ মেধাভিত্তিক স্কলারশিপ, আবার কেউ অর্জন করেছেন আন্তর্জাতিক ফেলোশিপ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এসব শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ ছয়জন ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন। এছাড়া দক্ষিণ কোরিয়ার গাচন ইউনিভার্সিটিতে দুজন এবং ইংল্যান্ডের ব্রুনেল ইউনিভার্সিটি, জার্মানির জুলিয়াস ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি অব ভুর্ৎসবুর্গ, রাশিয়ার আরইউডিএন ইউনিভার্সিটি ও ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি হায়ার স্কুল অব ইকোনমিকসে (এইচএসই) একজন করে শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।

ভারতে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া ছয় শিক্ষার্থীর মধ্যে তিনজনই বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের। তাদের মধ্যে ২০১৯-২০ শিক্ষাবর্ষের নূর রহমান প্রান্ত দিল্লি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়ার সুযোগ পেয়েছেন। একই বিভাগের মধুপর্ণা ধরগুপ্ত শ্রেষ্ঠা গুজরাট বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং দ্বীপন চক্রবর্তী মহারাজা সায়াজিরাও ইউনিভার্সিটি অব বরোদায় স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের সুযোগ পেয়েছেন। তিনজনই ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) বৃত্তি অর্জন করেছেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের অপূর্ব চক্রবর্তী এবং পল্লব কুমার বিশ্বাস ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়ে বিশ্বসাহিত্য বিষয়ে ২০২৬-২৮ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর অধ্যয়নের জন্য ফেলোশিপ পেয়েছেন। অন্যদিকে, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শর্মিষ্ঠা ভট্টাচার্য মিষ্টু আইসিসিআরের স্কলারশিপ নিয়ে ভারতের দ্য ইংলিশ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজেস ইউনিভার্সিটিতে চলচ্চিত্র অধ্যয়নে স্নাতকোত্তর করার সুযোগ পেয়েছেন।

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী নিজাম উদ্দিন আহমেদ সায়েল এবং এস. এম. নিয়ন। তারা দেশটির গাচন ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (ম্যানেজমেন্ট) প্রোগ্রামে ফ্রেশম্যান স্কলারশিপ পেয়েছেন। একই বিভাগ ও শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী মোমিন খান ইংল্যান্ডের ব্রুনেল ইউনিভার্সিটিতে ভাইস-চ্যান্সেলর স্কলারশিপসহ উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।

ইউরোপের দেশ জার্মানিতেও উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহমিদুর রহমান পাভেল। তিনি দেশটির জুলিয়াস ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি অব ভুর্ৎসবুর্গে স্নাতকোত্তর পর্যায়ে পড়ার জন্য সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপ অর্জন করেন। গত সেপ্টেম্বরে এ বৃত্তি পাওয়ার আগে তিনি আরও তিনটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন। পরে উচ্চশিক্ষার উদ্দেশ্যে জার্মানিতে পাড়ি জমান তিনি।

রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষার্থী। গত ২ অক্টোবর দর্শন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মহিবুল ইসলাম দেশটির আরইউডিএন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনার জন্য সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপ অর্জন করেন। সর্বশেষ লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তফা রাশিয়ার ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি হায়ার স্কুল অব ইকোনমিকসে (এইচএসই) রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর অধ্যয়নের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ পেয়েছেন।

শিক্ষার্থীদের এসব অর্জন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। বিভিন্ন দেশ ও বিষয়ে পড়াশোনার সুযোগ পাওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর পথও প্রসারিত হচ্ছে।

এ বিষয়ে শিক্ষার্থী মোমিন খান বলেন, ‘একাডেমিক জীবনে আমি পড়াশোনার প্রতি মনোযোগী ছিলাম। দ্বিতীয় বর্ষ থেকেই বিদেশে মাস্টার্স করার লক্ষ্য নির্ধারণ করি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো ইংরেজিভাষী দেশগুলো আমার পছন্দের তালিকায় ছিল। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে আইইএলটিএসের প্রস্তুতি নিয়ে সপ্তম সেমিস্টারে পরীক্ষায় অংশ নিই। স্নাতকের ফল প্রকাশের পর যুক্তরাজ্যের তিনটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করি। স্কলারশিপের জন্য নির্বাচিত হওয়ার পর সাক্ষাৎকারের প্রস্তুতি নিতে ব্যাপক গবেষণা ও অনুশীলন করি। এ যাত্রায় বিভাগের শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের অনেকে সহযোগিতা করেছেন।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘প্রায় প্রত্যেক শিক্ষার্থীই বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী, তবে তাদের কেউ যেতে পারে, কেউ যেতে পারে না। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য সেই দেশের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে এগোতে হবে। শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য অনেক স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। তবে না জানার কারণে অনেকেই সে সুযোগ গ্রহণ করতে পারে না। তবে আমি মনে করি, আমাদের শিক্ষার্থীরা অন্যান্য দেশের শিক্ষার্থীদের চেয়ে বেশি মেধাবী। শুধু তাদের সেই মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।’

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

২ মাসে স্কলারশিপ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী

রাবির সাবেক ভিসির বাসায় চুরি

জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে গরুভোজ, থাকছে কাওয়ালি সন্ধ্যা

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গরুভোজে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়

জবিতে গরু নিয়ে আনন্দ মিছিল

চবিতে শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার স্থাপন করছেন চাকসু সদস্য সালমান

সোয়া লাখ টাকায় গরু কিনে ভোজের আয়োজন জবি শিক্ষার্থীদের

নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেড় হাজার শিক্ষার্থী নিয়ে তিতুমীর কলেজে শিবিরের নবীনবরণ অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জবির একমাত্র ছাত্রী হলে উচ্চ ক্ষমতাসম্পন্ন ঠান্ডা পানির ফিল্টার হস্তান্তর

ডাকসুর চমক: চীনা প্রতিষ্ঠানে ৪০০ শিক্ষার্থীর কর্মসংস্থান

‘বৃষ্টি হলেও মশাল জ্বলবে, মিছিল হবেই’ বামপন্থিদের উদ্দেশে ডাকসু নেতা

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ ঘিরে সংঘর্ষ, আহত ১৫

সিনেট অধিবেশনে ওয়াকআউট করেছেন ডাকসু নেতারা

মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ ট্যাগের নিন্দা জানিয়ে চবির ১০১ শিক্ষকের বিবৃতি

মাস্টার্সের শেষ সেমিস্টারে সিজিপিএ ৪ অর্জন ভিপি জাহিদের

সাদিক কায়েমের সাইবার মামলা হয়রানিমূলক : ছাত্রদল