কুষ্টিয়ার দৌলতপুর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ১২ জনকে ‘পুশ-ইন’ করার ঘটনায় অনুষ্ঠিত পতাকা বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। এতে তিন দিন ধরে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করে ১২ জন মানবেতর জীবন কাটাচ্ছেন।
ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন চারজন নারী, চারজন পুরুষ এবং দশ বছরের কম বয়সী চার শিশু। সিদ্ধান্ত না হওয়ায় তারা প্রতিনিয়ত আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
এর আগে গত শুক্রবার ভোরে ভারতের চরমেঘনা সীমান্ত গেট এলাকা থেকে কুষ্টিয়ার বিলগাথুয়া সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ওই ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তাৎক্ষণিকভাবে সেটি সফল হয়নি।
পরে একাধিক দফায় পতাকা বৈঠকের আহ্বানের পর শনিবার সকাল সাড়ে ৯টায় দৌলতপুরের বিলগাথুয়া ১৫০-থ্রিএস সাব পিলার সংলগ্ন এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ২০ মিনিট স্থায়ী হলেও বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।







