কুমিল্লার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানকে ঘিরে ওঠা ধর্ষণের অভিযোগের প্রেক্ষাপটে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির নেতারা এ ঘটনায় জামায়াত-শিবিরের বিরুদ্ধে রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ তুলেছেন।
শনিবার (১৩ জুন) রাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, ভুক্তভোগী নারীর পরিচয় প্রকাশ করে ছাত্রশিবির সংগঠনটির নীতির পরিপন্থী কাজ করেছে। তিনি বলেন, নারীর অধিকার ও ইসলামী মূল্যবোধের কথা বললেও তাদের কর্মকাণ্ডে ভিন্ন চিত্র ফুটে উঠেছে।
তিনি আরও অভিযোগ করেন, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতারা জিসানের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশে পুনরায় গুমের সংস্কৃতি চালুর দাবি তুলে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছেন। গুমের মতো গুরুতর বিষয়কে রাজনৈতিকভাবে ব্যবহার করার প্রবণতা নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, অভিযুক্ত ব্যক্তির নাম ছাত্রশিবিরের প্রকাশিত কোনো কমিটিতে পাওয়া যায়নি। তিনি দাবি করেন, সংগঠনটির পক্ষ থেকে প্রেমঘটিত সম্পর্কের অভিযোগে বহিষ্কারের কথা বলা হলেও ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ নিয়ে কার্যকর কোনো সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়নি।
ছাত্রদলের নেতারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দোষ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি গুমসহ বিভিন্ন স্পর্শকাতর ইস্যুতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা বন্ধের আহ্বান জানান।







