পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলমান এ কর্মসূচির অংশ হিসেবে রবিবার বিকেলে সরকারি হরগঙ্গা কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি হরগঙ্গা কলেজ শাখার নেতাকর্মীরা উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
কর্মসূচিতে সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি বলেন, “একটি হলেও বৃক্ষরোপণ করব, জনে জনে সবুজ দেশে সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে।” তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশের আবহাওয়া নিয়ন্ত্রণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “আসুন আমরা সবাই মিলে বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি গণআন্দোলনে পরিণত করি। পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগাই এবং পরিচর্যা করি।”
মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও জনসমাগমস্থলে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।







